বাকেরগঞ্জে আ.লীগ নেতা খুন
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন হাওলাদারকে (৫০) গতকাল শনিবার কুপিয়ে হত্যা করা হয়েছে। ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মামুন ও তাঁর লোকজনের বিরুদ্ধে মহিউদ্দিনকে হত্যার অভিযোগ উঠেছে।
মহিউদ্দিন হাওলাদারের বাড়ি সোনাপুরা গ্রামে। ইউপি সদস্য মো. মামুনের বাড়িও একই গ্রামে। এলাকায় আধিপত্য বিস্তার এবং কর্মসৃজন কর্মসূচির কাজ নিয়ে তাঁদের মধ্যে দ্বন্দ্ব ছিল বলে পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শী স্থানীয় আওয়ামী লীগের এক নেতা বলেন, মহিউদ্দিন হাওলাদার গতকাল বিকেলে ইউপি চেয়ারম্যান শফিকউদ্দিন সিকদারের সঙ্গে কথা বলে ফিরছিলেন। কাকরধা মাধ্যমিক বিদ্যালয়ে পৌঁছালে সেখানে থাকা মামুন মেম্বারের নেতৃত্বে বশির খান, ছগির গাজী ও মহিউদ্দিন চাপরাশী নামের তিনজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মহিউদ্দিনের পায়ের রগ কেটে ফেলে রেখে যান। স্থানীয় লোকজন মহিউদ্দিনকে উদ্ধার করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হারুন অর রশীদ বলেন, পুলিশ হত্যাকারীদের আটকের জন্য অভিযান চালাচ্ছে।