বাকেরগঞ্জে জেলেদের চাল চেয়ারম্যানের পেটে?
>নিয়ামতি ইউনিয়নের ১৬০ জন জেলের নামে গত নভেম্বর মাসের বরাদ্দ দেওয়া চাল আত্মসাতের এমন অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন মৃধার বিরুদ্ধে
চাল পাবেন জেলেরা। গুদাম থেকে চাল উত্তোলনও করেছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। কিন্তু চাল জেলেদের কাছে পৌঁছায়নি। এমনকি জেলেদের তালিকাও জমা দেননি উপজেলা মৎস্য কর্মকর্তার কাছে। অভিযোগ উঠেছে, ওই চাল তুলে বিক্রি করে দিয়েছেন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।
বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউনিয়নের ১৬০ জন জেলের নামে গত নভেম্বর মাসের বরাদ্দ দেওয়া চাল আত্মসাতের এমন অভিযোগ উঠেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন মৃধার বিরুদ্ধে। জেলে এবং ইউপি সচিব ও সদস্যরা চাল উত্তোলনের কথা জানলেও বিতরণের কোনো তথ্য জানেন না। তবে আলমগীর হোসেন মৃধা চাল তুলে আত্মসাতের অভিযোগ অস্বীকার করেছেন।
এ ব্যাপারে জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান গতকাল শুক্রবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জেলেদের চাল তুলে কোনো জনপ্রতিনিধি বিতরণ না করে আত্মসাৎ করলে তাঁর বিরুদ্ধে মামলা করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সরেজমিনে গত মঙ্গলবার দেখা গেছে, বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউপির গুদাম ফাঁকা পড়ে আছে। এ সময় ইউপি সচিব ও জেলেদের সঙ্গে কথা বলে চাল বিতরণের কোনো তথ্য পাওয়া যায়নি। তবে খাদ্যগুদামের কর্মকর্তা নিশ্চিত করেছেন, জেলেদের জন্য চাল উত্তোলন করেছেন ইউপি চেয়ারম্যান।
বাকেরগঞ্জ উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, ‘জেলেদের জন্য নভেম্বর মাসের বরাদ্দ দেওয়া চাল চলতি (জানুয়ারি) মাসের প্রথম সপ্তাহে তুলে নিয়েছেন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলমগীর হোসেন মৃধা। আমাদের কাছে সরবরাহ আদেশ (ডিও) নিয়ে আসায় চাল সরবরাহ করা হয়েছে।’
ইউনিয়নের মহেশপুর গ্রামের জেলে মো. ছোবহান ব্যাপারী অভিযোগ করে বলেন, ‘আমার জেলে কার্ড থাকলেও কোনো চাল দেওয়া হয়নি। আমরা শুনেছি চাল তুলেছেন চেয়ারম্যান। কিন্তু কেন বিতরণ করা হয়নি, তা জানি না। নিয়ম অনুযায়ী সরকারি কার্ড যাদের আছে, তারা চাল পাবে।’ একই ধরনের অভিযোগ করেছেন একই গ্রামের মো. আলম শরীফ, পূর্ব মহেশপুর গ্রামের মো. শাহ আলম বিশ্বাস, মধ্য মহেশপুর গ্রামের মোতাহার সরদারসহ অনেকে।
বাকেরগঞ্জ উপজেলার নিয়ামতি ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন খান বলেন, ‘ইলিশ ধরার নিষিদ্ধ সময়ে জেলেদের জন্য ইউনিয়নে ৩ টন ৪০০ কেজি চাল বরাদ্দ করা হয়েছে। জেলেদের চাল উত্তোলন করেছেন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ইউপির গুদামে সে চাল ওঠানো হয়নি। কোথায় ওঠানো হয়েছে, তা কেউ জানে না। জেলেদের মধ্যে চাল বিতরণও করা হয়নি। গত বুধবার আমাদের সামনে মৎস্য কর্মকর্তা জেলেদের তালিকা চেয়েছেন। চাল না তুললে তালিকা চাইবেন কেন। কিন্তু চেয়ারম্যান তো কোনো তালিকাই করেননি। তালিকা দেবেন কীভাবে।’
ইউপি সচিব সৈয়দ শাহনেওয়াজ প্রথম আলোকে বলেন, ‘জেলেদের জন্য বরাদ্দ হওয়া কোনো চাল ইউনিয়ন পরিষদে আসেনি। এমনকি জেলেদের তালিকা হয়েছে, এমন কোনো তথ্যও আমার জানা নেই। কিন্তু চাল উত্তোলনের ডিও হয়েছে, এমন একটা তথ্য জেনেছিলাম। এর বাইরে কোনো কিছু বলতে পারব না।’
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাছিরউদ্দিন বলেন, নেয়ামতি ইউনিয়নে ১৬০ জন জেলের প্রত্যেকের নামে ২০ কেজি করে চাল বরাদ্দ করা হয়েছে। সে অনুযায়ী ৩ টন ২০০ কেজি চাল উত্তোলনও করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান, কিন্তু জেলেদের তালিকা জমা দেননি। বারবার তাগাদা দিলেও তিনি দেব-দিচ্ছি করছেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘চেয়ারম্যানরা চাল তোলে আবার বেচে। এ রকম কত অভিযোগই তো ওঠে। সব কি আর সত্য। আমি জেলেদের জন্য বরাদ্দ হওয়া চাল তুলিনি।’ খাদ্যগুদাম থেকে চাল তুলেছেন, এমন তথ্য আছে বলার সঙ্গে সঙ্গে তিনি মুঠোফোনের সংযোগ কেটে দেন।