বাক্প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার
বগুড়ার দুপচাঁচিয়ায় বাক্প্রতিবন্ধী এক কিশোরী (১৬) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে চারজনকে আসামি করে গতকাল রোববার থানায় একটি মামলা করেছেন।
থানার ওসি রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, মেয়েটি ইশারা-ইঙ্গিতে ঘটনার বর্ণনা দিয়েছে। ঘটনার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। অভিযোগ পেয়েই আসামিদের ধরার জন্য অভিযান চালানো হয়েছে। কিন্তু আসামিরা পলাতক থাকায় গ্রেপ্তার করা যায়নি।
থানা সূত্র জানায়, উপজেলার চামরুল ইউনিয়নের সল্ল্যামাহমুদপুর গ্রামের তিন-চারজন যুবক সম্প্রতি ওই বাক্প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ করে। কিশোরীর বাবা ঢাকায় রিকশা চালান। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে কিশোরীর মা গ্রামেই থাকেন। ঘটনার দিন মা পাশের গ্রামে তাঁর বাবার বাড়ি ছিলেন। দুদিন পর বাড়িতে ফিরলে মেয়ে ইশারা করে ঘটনাটি তাঁকে জানান। তিনি স্থানীয় লোকজন নিয়ে বিষয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে জানান।
ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম জানান, মেয়ের বাবা তাঁকে সব জানিয়েছেন। গত শনিবার বিচারের জন্য গ্রামের লোকজন তাঁকে ডাকতে এলে তিনি যাননি। তাঁদের থানায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।