বাক্প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ
বগুড়ার সোনাতলা উপজেলায় ১৩ বছর বয়সী বাক্প্রতিবন্ধী এক কিশোরীকে গণধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার রাতে উপজেলার মধ্য দীঘলকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় কিশোরীর মা বাদী হয়ে পাঁচজনের বিরুদ্ধে থানায় গতকাল শনিবার নারী নির্যাতন প্রতিরোধ আইনে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত পাঁচজনের চারজনই স্কুল-মাদ্রাসায় পড়ুয়া কিশোর। পুলিশ গতকাল পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো সুখানপুকুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও উত্তর সুখানপুকুর গ্রামের শিহাব উদ্দিন (১৪), একই বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ফেরদৌস হোসেন (১২), স্থানীয় মাদ্রাসাছাত্র মেহেদী হাসান (১৫) এবং কৃষিশ্রমিক রনি মিয়া (২৪)। এ ছাড়া পলাতক রয়েছে সুখানপুকুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র শামিম হোসেন (১৩)।
পুলিশ, কিশোরীর পরিবার, এলাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় উপজেলার ওই কিশোরী বাড়িতে একা ছিল। তার বাবা-মা দুজনই কাজের কারণে বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে পাশের উত্তর সুখানপুকুর গ্রামের
ওই পাঁচজন মেয়েটিকে বাড়ি থেকে ধরে নিয়ে পাশের একটি পুকুরপাড়ে ধর্ষণ করে। খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা পুকুরপাড় থেকে মেয়েটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে এবং মেহেদীকে হাতেনাতে আটক করে। পরে প্রভাব খাঁটিয়ে এলাকাবাসীর হাত থেকে মেহেদীকে ছাড়িয়ে নেন তার পরিবারের লোকজন। এ ঘটনায় কিশোরীর মা পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করলে রাতেই মেহেদীসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিহাব ও মেহেদী স্বীকার করেছে ধর্ষণের ঘটনায় তারা পাঁচজন জড়িত। তবে ধর্ষণ করেছে তারা দুজন ও শামিম। ডাক্তারি পরীক্ষার জন্য মেয়েটিকে আগামীকাল (আজ) হাসপাতালে পাঠানো হবে।’