বাক্প্রতিবন্ধী তরুণীকে বর্বর নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাক্প্রতিবন্ধী স্ত্রীকে আর নির্যাতন করবেন না, এই আশ্বাস দিয়ে গত মঙ্গলবার ঘরে তুলে নেন স্বামী। কিন্তু রাতেই অন্য লোকের হাতে স্ত্রীকে তুলে দেন। বৃহস্পতিবার সকালে একটি ডাস্টবিনের পাশে মেয়েটিকে রক্তাক্ত ও অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে লোকজন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করে।
বর্বর এ ঘটনা ঘটেছে ফেনী পৌরসভার বিরিঞ্চি এলাকায়। ওই তরুণীর অবস্থার অবনতি হওয়ায় গত শনিবার তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হয়েছে। প্রাথমিক পরীক্ষার পর চিকিৎসকেরা বলেছেন, গণধর্ষণের শিকার হয়েছেন তিনি।
ওই তরুণীর শ্বশুরবাড়ি ফেনীর বিরিঞ্চি এলাকায়। তাঁর বাবার বাড়ি একই জেলার ফুলগাজী থানায়। দুই বছর আগে বিরিঞ্চি এলাকার রংমিস্ত্রি তৌহিদুল আলমের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর শ্বশুরবাড়ির লোকজন তাঁর ওপর নির্যাতন চালানো শুরু করে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেন।
চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের (ওসিসি) কর্তব্যরত পুলিশের উপপরিদর্শক সালমা বেগম বলেন, ‘মেয়েটি ইশারায় জানান, তাঁকে তিন ব্যক্তি ধর্ষণ করেছে। স্বামী এক লোকের কাছে তাঁকে তুলে দেন। তাঁর মাও একই অভিযোগ করেছেন। আমরা বিষয়টি ফেনী মডেল থানাকে জানিয়েছি।’
ওসিসির সমন্বয়কারী চিকিৎসক মাহরুফা নিগার বলেন, মেয়েটিকে ধর্ষণের আলামত মিলেছে। তাঁর বড় ধরনের অস্ত্রোপচারের প্রয়োজন হবে।
হাসপাতালে কথা হয় নির্যাতিত তরুণীর মায়ের সঙ্গে। তিনি অভিযোগ করে বলেন, দুই বছর আগে এক লাখ টাকা যৌতুকের বিনিময়ে মেয়ের বিয়ে হয়। কিছুদিন যেতেই মেয়েটির ওপর নির্যাতন শুরু হয়। ছয় মাস আগে মারধর করে বাপের বাড়িতে পাঠিয়ে দেয় স্বামী।
মেয়েটির মা বলেন, ‘হঠাৎ গত মঙ্গলবার তৌহিদ ও তার মা বাড়িতে আসে। আমার মেয়েকে আর নির্যাতন না করার আশ্বাস দেয়। পরে তারা মেয়েকে নিয়ে যায়। কিন্তু ওই রাতে আমাদের ফোন করে জানায়, মেয়েকে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজি করেও মেয়েকে মঙ্গল ও বুধবার পাইনি। বৃহস্পতিবার এক ডাস্টবিনের পাশ থেকে তাকে পাওয়া যায়।’
তরুণীর মা বলেন, ‘মেয়েটি আমাকে বলেছে তার স্বামী মঙ্গলবার রাতে এক লোকের কাছে তাকে তুলে দেয়। পরে দুই দিন ধরে তিন ব্যক্তি তাকে নির্যাতন করে।’ এই ঘটনায় তিনি মামলা করবেন বলে জানান।
জানতে চাইলে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব মোরশেদ বলেন, ‘আমাকে ওসিসি থেকে জানানো হয়েছে একটি মেয়ে গণধর্ষণের শিকার হয়েছে। আমি অভিযোগ পাঠিয়ে দিতে বলেছি। অভিযোগ নিয়ে এলে মামলা হবে। আসামিদেরও গ্রেপ্তার করা হবে।’