বাক্প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার, আরেক শিশু গ্রেপ্তার
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আনুমানিক ছয় বছরের একটি বাক্প্রতিবন্ধী শিশু গত রোববার ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গুরুতর আহতাবস্থায় শিশুটিকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে ধর্ষণের ঘটনায় বাক্প্রতিবন্ধী শিশুটির নানা গতকাল সোমবার শিবগঞ্জ থানায় মামলা করেছেন। মামলা দায়েরের পরপরই পুলিশ ধর্ষণের অভিযোগে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক ছেলেকে (১৩) গ্রেপ্তার করেছে।
গ্রামের চার-পাঁচজন বাসিন্দা ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, বাক্প্রতিবন্ধী ওই শিশুটি গত রোববার বিকেলের দিকে একটিা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে খেলছিল। এ সময় গ্রামের ওই ছেলেটি বাক্প্রতিবন্ধী শিশুটিকে ফুসলিয়ে বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে নিয়ে ধর্ষণ করে ফেলে যায়। পরে গোঙানির শব্দে গ্রামবাসী মেয়েটিকে উদ্ধার করে।
শিবগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা ও উপপরিদর্শক (এসআই) সাহেব গণি বলেন, গ্রেপ্তার হওয়া ছেলেটি প্রাথমিকভাবে অপরাধের দায় স্বীকার করেছে।
থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামান গতকাল প্রথম আলোকে বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনার সঙ্গে জড়িত ছেলেটিকে গ্রেপ্তার করে বগুড়া আদালতে পাঠানো হয়েছে।