বাক্স খুলে মিলল পৌনে তিন কোটি রুপি, আটক ৫

চট্টগ্রাম বন্দরে জব্দ করা পণ্যের চালানের একটি কনটেইনারে ২ কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৫০০ ভারতীয় রুপি পাওয়া গেছে। ব্যক্তিগত ব্যবহার্য পণ্যের ঘোষণা দিয়ে কনটেইনারটি দুবাই থেকে আনা হয়। চারটি কার্টনের ভেতরে (বাক্সে) রুপিগুলো রাখা ছিল। এ ঘটনায় কনটেইনার খালাসের দায়িত্বে নিয়োজিত সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ পাঁচজনকে আটক করা হয়েছে।
পণ্যের চালানটি এনেছেন চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা শাহেদুজ্জামান। তাঁকে আটক করা যায়নি। গতকাল সোমবার শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা যে পাঁচজনকে আটক করেছেন, তাঁদের একজন পণ্য খালাসকারী সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ফ্লাশ ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আসাদ উল্লাহ। তাঁর বাবা মোবারক হোসেন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আটক অন্য চারজন হলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আবু শাহাদাৎ মোহাম্মদ সায়েম ওরফে শামীম, আহাম্মদ উল্লাহ তালুকদার, কাওসার আলম ও পণ্যের চালান আনা শাহেদুজ্জামানের ভাই তোহিদুল আলম।
এর আগে গত জুন মাসে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের চালানের একটি কনটেইনারে তরল কোকেন শনাক্ত হয়।
গত রোববার সন্ধ্যায় গোপন তথ্যের ভিত্তিতে শুল্ক গোয়েন্দারা বন্দর চত্বরে কনটেইনারটি জব্দ করেন। তখন ভেতরে থাকা কার্টন খুলে তাতে ভারতীয় মুদ্রা দেখতে পান গোয়েন্দারা। পরে কনটেইনারটি সিলগালা করে দেওয়া হয়। গতকাল সোমবার দুপুরে বন্দর, কাস্টমস ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাসহ সাংবাদিকদের উপস্থিতিতে কনটেইনারটি খোলা হয়। কনটেইনারে থাকা ১৬৫টি কার্টনের মধ্যে চারটিতে ভারতীয় মুদ্রা পাওয়া যায়।
কনটেইনারে করে ভারতীয় রুপি আনার বিষয়ে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান গতকাল দুপুরে বন্দর চত্বরে সাংবাদিকদের বলেন, শাহেদুজ্জামান যেসব পণ্য এনেছেন, তা ব্যক্তিগত ব্যবহার্য পণ্য নয়। চালানটি এসেছে দুবাই থেকে। ভারতীয় রুপি বাংলাদেশে ব্যবহারের জন্য আনা হয়নি। এটি অন্য দেশে যেত। বাংলাদেশকে ট্রানজিট রুট হিসেবে ব্যবহারের জন্যই এই রুপি আনা হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হয়েছে ভারতীয় রুপিগুলো জাল। কারণ, একই নম্বরের একাধিক রুপি পাওয়া গেছে।
তবে বন্দর চত্বরে গতকাল দুপুরে রুপি গণনার সময় উপস্থিত থাকা বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘টাকা গণনার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে তিনটি যন্ত্র আনা হয়েছে। বিদেশি মুদ্রা জাল কি না তা তাৎক্ষণিকভাবে শনাক্ত করার প্রযুক্তিগত সুবিধা আমাদের কাছে নেই।’
গতকাল দুপুরে বন্দরে গিয়ে দেখা যায়, কনটেইনারটি বন্দরের ৪ নম্বর ফটকের পাশে রাখা হয়েছে। যে চারটি কার্টনে ভারতীয় রুপি রয়েছে, তা বের করে দুপুর সাড়ে ১২টা থেকে গণনা শুরু করেন শুল্ক গোয়েন্দা বিভাগের লোকজন। একই সঙ্গে বাকি কার্টনে অন্য কোনো অবৈধ পণ্য আছে কি না, তাও যাচাই-বাছাই করা হয়। রুপি গণনার জন্য বেলা দেড়টার দিকে একটি মুদ্রা গণনার যন্ত্র আনা হয়। পরে বাংলাদেশ ব্যাংক থেকে আরও তিনটি মুদ্রা গণনার যন্ত্র আনা হয়।
মুদ্রা গণনা শেষে রাত আটটার দিকে ঘটনাস্থল থেকে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক সৈয়দ মোকাদ্দেস হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘২ কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৫০০ রুপি পাওয়া গেছে। এ ছাড়া অন্য একটি কার্টন থেকে পাঁচটি সোনার চেইনও জব্দ করা হয়েছে।’
শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, আটক সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের চেয়ারম্যান শামীমের বাড়ি সন্দ্বীপের গাছুয়া ইউনিয়নে। ঝুঁকি ব্যবস্থাপনার আওতায় প্রতিষ্ঠানটির ওপর নজরদারি থেকে কনটেইনারটি থেকে ভারতীয় রুপি জব্দ করা করা সম্ভব হয়েছে বলে জানান শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান।
যোগাযোগ করা হলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম প্রথম আলোকে বলেন, ‘মুদ্রা জব্দের ঘটনায় গতকাল রাত নয়টা পর্যন্ত মামলা হয়নি।
যেভাবে কনটেইনারটি আনা হয়: দুবাইপ্রবাসী শাহেদুজ্জামান ব্যক্তিগত ব্যবহার্য পণ্যের ঘোষণা দিয়ে চালানটি এনেছেন। শুল্ক গোয়েন্দারা বলেন, বিমানবন্দরে শাহেদুজ্জামান গত ৩ জুন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দুবাই থেকে দেশে আসেন। বিমানবন্দরের ব্যাগেজ ঘোষণায় তিনি উল্লেখ করেন, তার সঙ্গে আনা হয়নি এমন ১৬৫টি কার্টন দুবাইয়ে রয়ে গেছে। এসব কার্টনে থাকা পণ্যের ওজন ৪ হাজার ৭২৫ কেজি। তবে এই ঘোষণা ফরমে দেওয়া স্বাক্ষরের সঙ্গে তাঁর পাসপোর্টে থাকা স্বাক্ষরের মিল পাওয়া যায়নি।
শুল্ক গোয়েন্দারা বলেন, শাহেদুজ্জামান দেশে আসার পর দুবাইয়ের জেবেল আলী বন্দর থেকে কনটেইনারে করে ১৬৫ কার্টন পণ্য জাহাজে তুলে দেওয়া হয়। দুবাই থেকে সরাসরি চট্টগ্রাম বন্দরে জাহাজ আসা-যাওয়া করে না। এ কারণে প্রথমে জাহাজে করে কনটেইনারটি শ্রীলঙ্কার কলম্বো বন্দরে আনা হয়। সেখান থেকে গত ১৬ সেপ্টেম্বর কনটেইনার জাহাজটি বন্দরে ভেড়ে। এই পণ্য খালাসের জন্য সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ফ্লাশ ট্রেড ইন্টারন্যাশনালকে নিয়োগ দেয় শাহেদুজ্জামান। এই পণ্যের ডেলিভারি এজেন্ট ছিল চট্টগ্রামের আগ্রাবাদের ফরচুন ফ্রেইট লিমিটেড নামের একটি ফ্রেইট ফরোয়ার্ডার প্রতিষ্ঠান।
জব্দ আরও তিন কনটেইনার: ব্যক্তিগত ব্যবহার্য পণ্য আমদানির ঘোষণায় আনা আরও তিনটি কনটেইনারের খালাস প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খান প্রথম আলোকে বলেন, ‘এসব কনটেইনারের পণ্য খুলে দেখা হবে। এই তিনটি কনটেইনারের পণ্য খালাসকারী এজেন্টও ফ্লাশ ট্রেড ইন্টারন্যাশনাল।