বাক্স থেকে দুটি দরপত্র উধাও দুটি ছিনতাই
জেলা প্রশাসকের কার্যালয়ে রাখা বাক্সে জমা দেওয়ার পর মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বিভিন্ন হাটবাজারের জন্য আহ্বান করা দুটি দরপত্রের হদিস মিলছে না বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া জমা দেওয়ার পথে দুটি দরপত্র ছিনতাই হয়েছে বলে জানা গেছে।
এসব ঘটনার জন্য আওয়ামী লীগের স্থানীয় কিছু নেতাকে দায়ী করেছেন ভুক্তভোগী ঠিকাদারেরা। এ ঘটনায় গতকাল বুধবার তাঁরা ঢাকার বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সিঙ্গাইরের ২৫টি হাটবাজার ইজারা দেওয়ার জন্য উপজেলা পরিষদ থেকে গত ১২ ফেব্রুয়ারি দরপত্র আহ্বান করা হয়। বিক্রির সর্বশেষ দিন গত সোমবার পর্যন্ত ৭০টি দরপত্র বিক্রি হয়। মঙ্গলবার বেলা একটা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার শেষ দিনে বাক্সে পড়ে মাত্র ৩৭টি। উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, থানা ও জেলা প্রশাসকের কার্যালয়ে রাখা বাক্সে এসব দরপত্র জমা নেওয়া হয়।
ব্যবসায়ী কে এম খালেদ রেজা অভিযোগ করেন, তিনি উপজেলার সিরাজপুর হাটের জন্য একটি দরপত্র কেনেন। ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বাধার মুখে সিঙ্গাইরে জমা দিতে না পেরে ৫৩ লাখ টাকা দর দিয়ে মঙ্গলবার তিনি মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে রাখা বাক্সে তা জমা দেন। দরপত্রের সঙ্গে নিরাপত্তা জামানত হিসেবে অগ্রণী ব্যাংক মানিকনগর ও চারিগ্রাম শাখা থেকে ১৬ লাখ টাকার পে-অর্ডারও জমা দেন। অথচ একই দিন (মঙ্গলবার) দুপুরে সিঙ্গাইরে ইউএনওর কার্যালয়ে বাক্স খোলার সময় তাঁর দরপত্রটি পাওয়া যায়নি।
একই রকম অভিযোগ করেন সিঙ্গাইর ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আলী হায়দার। তিনি উপজেলার বায়রা হাটের জন্য দরপত্র কিনেছিলেন। ইউএনওর কার্যালয়ে জমা দিতে না পেরে ৩৬ লাখ ৫০ হাজার টাকা দর দিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে রাখা বাক্সে তা জমা দিয়েছিলেন। তিনিও নিরাপত্তা জামানত হিসেবে বিভিন্ন ব্যাংকের ১০ লাখ টাকার পে-অর্ডার জমা দিয়েছিলেন। দরপত্র খোলার সময় তাঁর দরপত্রটিও পাওয়া যায়নি।
আলী হায়দার ও কে এম খালেদ রেজা গতকাল এ বিষয়ে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
সিঙ্গাইর উপজেলা যুবলীগের সভাপতি মনির হোসাইন জানান, সিরাজপুর হাটের দুটি দরপত্র জমা দেওয়ার জন্য সোমবার তাঁরা মানিকগঞ্জ যাচ্ছিলেন। দরপত্র দুটি কেনা হয়েছিল উপজেলা যুবলীগের সহসভাপতি ও চান্দহর ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য আফজাল হোসেন এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সাহাদত হোসেনের ছেলে আবু বক্কর সিদ্দিকের জন্য। দরপত্র দুটি নিয়ে ওই দিন (সোমবার) সন্ধ্যা সাতটার দিকে সিঙ্গাইর বাসস্ট্যান্ডে পৌঁছালে আওয়ামী লীগের স্থানীয় নেতা সায়েদুল ইসলাম বেশ কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে তাঁদের ঘেরাও করেন। এরপর মারধর করে তাঁদের কাছ থেকে দরপত্র দুটি ছিনিয়ে নিয়ে যান।
মনির হোসেন অভিযোগ করেন, সায়েদুলসহ অন্যরা জেলার সরকারদলীয় একজন সাংসদের ঘনিষ্ঠ বলে পরিচিত। তাঁরা নামমাত্র মূল্যে হাটবাজারের ইজারা নেওয়ার জন্য কৌশলে বাক্স থেকে দরপত্র উধাও করে থাকতে পারেন। আর এসব কাজে তাঁদের সহায়তা করেছে উপজেলা প্রশাসন।
সায়েদুল ইসলামের মুঠোফোনে গতকাল সন্ধ্যায় কয়েকবার কল দিলেও তিনি ধরেননি। জানতে চাইলে ইউএনও শেখ জাহিদুল ইসলাম বলেন, ‘জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি দরপত্র পাওয়া গেছে। দরপত্র ছিনতাই ও উধাও হওয়ার কোনো অভিযোগ আমি পাইনি।’
জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস বলেন, ‘আমার কার্যালয়ে ফেলার পর দুটি দরপত্রের হদিস মিলছে না এ রকম অভিযোগ পেয়েছি। তবে কোনো পক্ষ লিখিতভাবে জানায়নি।’