বাগমারায় দেড় লাখ টাকার দরপত্রেও সমঝোতা?
বাগমারা উপজেলায় এবার মাত্র দেড় লাখ টাকার দরপত্রেও সমঝোতার অভিযোগ পাওয়া গেছে। স্থানীয় যুবলীগ কর্মী মাহাবুর রহমানকে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার কাজটি দেওয়ার জন্য এ সমঝোতা হয়েছে বলে অভিযোগ করেছেন দরপত্র ক্রেতারা।
উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, যশোর বিল ও কোলার বিল নামের উন্মুক্ত জলাশয় দুটিতে দেড় লাখ টাকার রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা অবমুক্ত করার জন্য উপজেলা মৎস্য কার্যালয় ১৪ সেপ্টেম্বর এ দরপত্র আহ্বান করে। গতকাল মঙ্গলবার ছিল দরপত্র গ্রহণ করার শেষ দিন। ২৫টি দরপত্র বিক্রি হলেও শেষ সময় পর্যন্ত জমা পড়েছে মাত্র চারটি। এ ক্ষেত্রে সমঝোতা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে এবং তিনজনই নিয়মরক্ষার জন্য দরপত্র দাখিল করেছেন।
জানা গেছে, তিন বছর ধরে পোনা অবমুক্ত করার কাজ স্থানীয় যুবলীগ কর্মী মাহাবুর রহমান পেয়ে আসছেন। এর আগেও তিনি একই কায়দায় কাজ পান বলে জানা যায়।
দরপত্র ক্রেতা খোরদেশ আলম ও মাজেদুর রহমান জানান, তাঁরা নির্দিষ্ট সময়ে দরপত্র দাখিল করতে গিয়েছিলেন। কিন্তু স্থানীয় যুবলীগ ও আওয়ামী লীগের কর্মীরা তাঁদের কাছ থেকে দরপত্র নিয়ে গেছেন। বকশিশ হিসেবে তাঁদের এক হাজার ৩০০ টাকা করে দিয়েছেন। দেউলা গ্রামের জহুরুল ইসলাম অভিযোগ করেন, মাছের পোনা অবমুক্ত করার জন্য লাখ টাকার দরপত্র আহ্বান করা হলেও মাত্র কয়েক হাজার টাকার পোনা অবমুক্ত করে বাকি টাকা আত্মসাৎ করা হয়। কয়েক বছর ধরে মাহাবুর রহমান নামের এক ব্যক্তি এ কাজ পেয়ে আসছেন। যুবলীগ কর্মী মাহাবুর রহমান বলেন, তিনি সমঝোতার বিষয়ে কিছুই জানেন না।