বাগমারায় ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা উপজেলায় পুলিশ এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে। কর্মকর্তার ভাড়া বাসা থেকে গতকাল সোমবার লাশটি উদ্ধার করা হয়।
ওই ব্যাংক কর্মকর্তার নাম আতিকুর রহমান (৩৫)। তিনি ব্র্যাক ব্যাংক বাগমারা উপজেলা শাখার ব্যবস্থাপক ছিলেন। তাঁর বাড়ি নাটোরের আহম্মদপুর গ্রামে।
আতিকুরের সহকর্মী মহিরুল ইসলাম জানান, গত রোববার সকালে দাপ্তরিক কাজে আতিকুর রাজশাহীতে ছিলেন। সন্ধ্যার পর কাজ শেষ করে তিনি বাগমারায় ফিরে আসেন। আতিকুর উপজেলার দেউলা বাসস্ট্যান্ডসংলগ্ন ভাড়া বাসায় একা থাকতেন। তিনি অবিবাহিত। গতকাল সকালে গৃহকর্মী সায়েদা খাতুন সেখানে যান। অনেক ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে গৃহকর্মী আশপাশের লোকজনকে ডাকেন। পরে থানায় খবর দিলে সকাল সাড়ে ১০টায় পুলিশ দরজা ভেঙে ঘর থেকে লাশ উদ্ধার করে।