বাগমারার এক গ্রামে মাতবরদের স্বেচ্ছাচার
এক গৃহবধূ ও এক যুবককে ২৩ ঘণ্টা আটকে রেখে মারধর। স্বামীকে তালাক দেওয়ানো। পাঁচ লাখ টাকা কাবিনে ওই যুবকের সঙ্গে বিয়ে। ২০ হাজার টাকা জরিমানা আদায় এবং সেই টাকা নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা। শত মানুষের সামনে গ্রামের মাতবরদের এই বিভীষিকা দেখতে হয়েছে গৃহবধূর দুই শিশুসন্তানকেও।
ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভা এলাকায় গত রোববার। গৃহবধূ ও প্রতিবেশী যুবকের মধ্যে সম্পর্কের অভিযোগ এনে করা ওই সালিসে উপস্থিত ছিলেন তাহেরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রইস উদ্দিন। সালিস পরিচালনা করেন স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি তফের উদ্দিন। উপস্থিত ছিলেন আনসার-ভিডিপির একাধিক সদস্য। এর আগে খবর পেয়ে বাগমারা থানার উপপরিদর্শক শাহিনুর রহমান ঘটনাস্থলে গেলেও তাঁকে ফেরত পাঠিয়ে দেন মাতবরেরা।
পুলিশ ও স্থানীয় লোকজনের অভিযোগ, মাস কয়েক আগে পৌর এলাকার এক যুবকের সঙ্গে প্রতিবেশী এক গৃহবধূর সম্পর্ক গড়ে ওঠে। গত শনিবার রাত নয়টার দিকে ওই যুবক গৃহবধূর সঙ্গে দেখা করতে গেলে অন্য এক প্রতিবেশীর নেতৃত্বে স্থানীয় লোকজন তাঁদের আটকে রাখেন।
নাম প্রকাশ না করার শর্তে প্রত্যক্ষদর্শীরা জানান, দুজনকে সারা রাত একটি ঘরে রশি দিয়ে বেঁধে রাখা হয়। পরদিন রোববার সকালে তাঁদের বাইরে এনে একটি গাছের সঙ্গে বাঁধা হয়। খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রামের মানুষ সেখানে ভিড় করতে থাকে।
ভুক্তভোগী যুবক ও গৃহবধূ অভিযোগ করেন, গাছের সঙ্গে বেঁধে রাখা অবস্থায় কয়েক দফায় তাঁদের মারধর করা হয়। ওই গৃহবধূ বলেন, তাঁর দুই শিশুসন্তানের সামনে তাঁকে নির্যাতন করা হয়েছে। বাচ্চারা কান্নাকাটি করলেও কারও মন গলেনি।
ওই যুবকের বাবা অভিযোগ করেন, স্থানীয় মাতবর তফের উদ্দিন, আমজাদ হোসেন, খলিলুর রহমান, নজরুল ইসলামসহ কয়েকজন তাঁর ছেলে এবং ওই নারীকে আটকে রেখে মারধর করেছেন। সকাল থেকে বেলা আড়াইটা পর্যন্ত রোদের মধ্যে গাছের সঙ্গে বেঁধে রেখেছেন। তিনি ছেলেকে উদ্ধার করতে কয়েকবার চেষ্টা চালান। কিন্তু মাতবরেরা বাধা দেন। নিরুপায় হয়ে তিনি থানায় অভিযোগ করেন। তিনি বলেন, বেলা তিনটার দিকে পুলিশ ঘটনাস্থলে আসে। তারপর বাঁধন খুলে দিলেও আনসার-ভিডিপির সদস্যদের দিয়ে পাহারা বসান মাতবরেরা। বিকেলে তফের আলীর সভাপতিত্বে সালিস বসে। এর মধ্যে গৃহবধূর ট্রাকচালক স্বামীকে ঢাকা থেকে ডেকে নেওয়া হয়। সালিসেই স্বামী-স্ত্রীর তালাকের ব্যবস্থা করেন মাতবরেরা। পরে পাঁচ লাখ টাকা কাবিনের মাধ্যমে যুবকটির সঙ্গে বিয়ে দেওয়া হয় গৃহবধূকে। সালিসে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রইস উদ্দিনও উপস্থিত ছিলেন। ওই যুবককে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়। পরে ওই টাকা মাতবরেরা নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারা করে নেন।
সালিসের সভাপতি তফের উদ্দিন বলেন, তাঁদের হালকা-পাতলা মারধর করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ওই টাকা সালিসের খরচ ও পাহারা দেওয়ার দায়িত্বে থাকা আনসার-ভিডিপির সদস্যদের দেওয়া হয়েছে।
ওয়ার্ড কাউন্সিলর রইস উদ্দিনও জরিমানা আদায় ও মারধরের কথা স্বীকার করে বলেন, সবাই মিলেই এটা করা হয়েছে।
বাগমারা থানার উপপরিদর্শক শাহিনুর রহমান জানান, তিনি ওই নারী ও যুবককে উদ্ধারের চেষ্টা করলেও মাতবরদের আপত্তিতে পারেননি। তাঁরা স্থানীয়ভাবে বিষয়টির নিষ্পত্তি করবেন বলে জানিয়ে তাঁকে ফেরত পাঠিয়ে দেন।