বাগমারার গুঁড়িয়ে দেওয়া হলো অবৈধ ইটভাটা
রাজশাহীর বাগমারা উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা ড্রাম চিমনিওয়ালা ইটভাটাগুলোর বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে। গতকাল বুধবার এসব ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযান চলাকালে আটটি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। ১৩ ফেব্রুয়ারি প্রথম আলোর বিশাল বাংলায় এসব ইটভাটা নিয়ে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।
বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) নাছরিন আক্তার বলেন, প্রথম আলোয় এসব ইটভাটা সম্পর্কে প্রতিবেদন প্রকাশের পর গতকাল অভিযান চালানো হয়। তাঁর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) আলমগীর হোসেন পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্য ও শ্রমিক নিয়ে অভিযান চালান। এ সময় উপজেলার সুজন পালশা, বাইগাছা, বানাইপুর এলাকার আটটি ড্রাম চিমনির ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে ইটভাটার মালিকেরা সটকে পড়েন। তবে নীতিমালা লঙ্ঘনের দায়ে ভাটার শ্রমিকদের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী হাকিম আলমগীর হোসেন বলেন, বাকি চারটি ইটভাটার বিরুদ্ধেও অভিযান চালানো হবে।
উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, তাঁরা এসব ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন। এসব ইটভাটা উচ্ছেদ হলে পরিবেশ হুমকির হাত থেকে রক্ষা পাবে।