বাগমারার লোকালয়ে সাত ইটভাটা এবারও চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার লোকালয়ে অবৈধভাবে গড়ে ওঠা সেই সাত ইটভাটা এবারও চালু রয়েছে। পরিবেশ আইন না মানায় ও কোনো কাগজপত্র না থাকায় গত বছর ইটভাটার মালিকদের বিরুদ্ধে মামলা হলেও বন্ধ করা হয়নি। তাঁদের এসব ভাটা চালু রাখায় পরিবেশ হুমকির মুখে রয়েছে।
পরিবেশ অধিদপ্তর ও উপজেলা ইটভাটা মালিক সমিতি সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দপাড়া, নরদাশ ও শুভডাঙ্গা ইউনিয়নে পাঁচ-ছয় বছর ধরে স্থানীয় সাত প্রভাবশালী ব্যক্তি সরকারি অনুমোদন ছাড়াই লোকালয় ও আবাদি জমির পাশে ইটভাটা স্থাপন করে ব্যবসা চালিয়ে আসছেন। তাঁদের বিরুদ্ধে সরকারকে ভ্যাট ও ট্যাক্স না দেওয়ারও অভিযোগ রয়েছে। এ ছাড়া ইটভাটায় জিগজ্যাগ চিমনি ব্যবহারের নিয়ম থাকলেও সাতটি ইটভাটায় ব্যবহার করা হয় ড্রাম চিমনি। এতে ভাটার ধোঁয়া ছড়িয়ে পড়ে লোকালয়ে। ইটভাটা মালিকেরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তাঁদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া সম্ভব ছিল না।
তবে এ নিয়ে গত বছরের ১৯ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘লোকালয়ে ৯ ইটভাটা’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এর পরেই পরিবেশ অধিদপ্তর রাজশাহীর দপ্তরের কর্মকর্তারা সরেজমিনে এসে অবৈধ সাতটি ইটভাটার অস্তিত্ব পান। রাজশাহীর পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মকবুল হোসেন ৭ এপ্রিল বাগমারা থানায় সাতটি মামলা করেন।
মামলায় অবৈধভাবে ভাটা পরিচালনাকারী উপজেলা যুবলীগের সভাপতি আল মামুন, উপজেলার বাকশাইল গ্রামের আমিনুল ইসলাম, সুজনপালশার জুয়েল রানা, গোবিন্দপাড়ার দুলাল হোসেন ও উকিল চান, বাইগাছার রশিদুল ইসলাম, জয়পুরের আবুল কাশেম, পাশুড়িয়ার জামাল উদ্দিন ও আবদুস সামাদকে আসামি করা হয়।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান জানান, মামলাগুলো তালিকাভুক্ত করে তদন্তের জন্য আদালতের মাধ্যমে পরিবেশ অধিদপ্তরে পাঠানো হয়েছে।
এদিকে ওই সব ভাটার মালিকদের বিরুদ্ধে মামলা হলেও তাঁরা সেগুলো বন্ধ রাখেননি। গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা যায়, চারটি ভাটায় অবাধে কাঠ পোড়ানো হচ্ছে। আট-নয়জন শ্রমিকের সঙ্গে কথা বললে তাঁরা জানান, এ এলাকার সব ভাটায় জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করা হয় না। কাঠ দিয়েই ইট পোড়ানো হয়।
লোকালয়ে স্থাপন করা এসব ড্রাম চিমনির ইটভাটাগুলো পরিবেশও দূষিত করছে বলে অভিযোগ করা হয়।
পরিবেশ অধিদপ্তর রাজশাহীর ভারপ্রাপ্ত উপপরিচালক মিজানুর রহমান ওই সাত ইটভাটায় পরিবেশ দূষিত হওয়ার বিষয় নিশ্চিত করে বলেছেন, অচিরেই এগুলোর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। তাঁদের বিরুদ্ধে মামলার অগ্রগতির বিষয়ে তিনি বলেন, তদন্ত শেষ হয়েছে, শিগগিরই আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে।
চারজন ইটভাটার মালিক অভিযোগ করেন, প্রশাসন মাঝেমধ্যে বৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও ড্রাম চিমনি ব্যবহার করা ভাটায় অভিযানই চালানো হয় না। ওই সাত ইটভাটা মালিকদের মধ্যে রশিদুল ইসলাম ও উকিল চান ড্রাম চিমনি ব্যবহারের কথা স্বীকার করেছেন। তবে কীভাবে চালাচ্ছেন তা বলতে চাননি।
উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ওই সাত ইটভাটাকে চোরাই আখ্যায়িত করে বলেন, তাঁদের কোনো বৈধতা না থাকায় সমিতিভুক্ত করা হয়নি।