রাজশাহীর বাগমারায় ক্লাস ফাঁকি দিয়ে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আগাম প্রচারণা চালানোর ঘটনায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষককে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে পাঠানো ওই চিঠি গতকাল সোমবার শিক্ষকদের হাতে পৌঁছেছে।
ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ‘বিদ্যালয় চলাকালীন নির্বাচনের প্রচারণা চালানো যাবে না। সবাইকে দায়িত্ব পালন করতে হবে। পরবর্তী সময়ে এ ধরনের ঘটনা ঘটলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
সহকর্মী শিক্ষকদের অভিযোগ, বাগমারা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা হয়নি। তারপরও শিক্ষকদের একটি অংশ প্রচারণা চালাচ্ছেন। দরগামাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সৈয়দ জুবায়ের মো. কিবরিয়ার নেতৃত্বে এই প্রচারণা চলছে। এ নিয়ে ২৫ জানুয়ারি প্রথম আলোয় ‘ক্লাস ফাঁকি দিয়ে আগাম প্রচারণা’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।
চিঠি পাওয়ার কথা স্বীকার করে শিক্ষক সৈয়দ জুবায়ের কিবরিয়া বলেন, এখন বিদ্যালয় ছুটির পর প্রচারণা চালানো হচ্ছে।
গাঙ্গোপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, ক্লাস ফাঁকি দেওয়া ওই সব শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল।
ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন বলেন, এবার তাঁদের সতর্ক করে দেওয়া হয়েছে।