বাগমারায় কলেজের নামে সাইনবোর্ড লাগিয়ে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার একটি আমবাগানে কয়েক দিন আগে সাইনবোর্ড টাঙানো হয়। তাতে লেখা ‘বীরকয়া মহিলা কারিগরি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ’। স্থাপিত ২০০০ সালে। বাস্তবে এ ধরনের কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব নেই। বাগানের কোথাও কোনো ঘরদোর নেই।
গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা গেছে, উপজেলার বীরকয়া গ্রামের ওই আমবাগানে সাইনবোর্ডটি রয়েছে। এ ছাড়া আশপাশের কোথাও কলেজ ভবন নেই। সেখানে অতীতে কোনো ঘরদোর ছিল—এ রকমও কেউ বলতে পারেননি।
স্থানীয় বাসুপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লুৎফর রহমান বলেন, যেখানে সাইনবোর্ড টাঙিয়ে রাখা হয়েছে, সেখানে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান বা ঘরদোর নেই। এ নামে এখানে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান ছিল না। এখনো নেই। এটা স্রেফ প্রতারণা।
বীরকয়া গ্রামের ১৫-১৬ জন বাসিন্দা বলেন, কিছুদিন আগে একই গ্রামের আবু জাফর আল মুনসুর ওই সাইনবোর্ড টাঙান। তিনি নিজেকে ওই কলেজের অধ্যক্ষ বলে প্রচার করছেন।
শিগগিরই কলেজটি নিবন্ধন হবে—এভাবে চাকরির প্রলোভন দেখানো হচ্ছে বলেও অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে দুজন চাকরিপ্রার্থী বলেন, তাঁরা ইতিমধ্যে কিছু টাকাও দিয়েছেন। অল্পদিনের মধ্যে অনুমোদন পাওয়া যাবে। পূর্ববর্তী তারিখ দেখিয়ে তাঁদের নিয়োগ দেওয়া হবে বলেও প্রতিশ্রুতি দেওয়া হয়।
পীরগঞ্জ কারিগরি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল আজিজ বলেন, আবু জাফর আল মুনসুর তাঁর প্রতিষ্ঠানে ল্যাব অ্যাসিস্ট্যান্ট হিসেবে কর্মরত। ওই পদটি এসএসসি পাসের সমমানের। এরপরও আবু জাফর কী করে ওই কলেজের অধ্যক্ষ হবেন, তা তিনি ভেবে পাচ্ছেন না।
মুঠোফোনে এসব বিষয়ে জানতে চাইলে আবু জাফর আল মুনসুর নিজেকে ওই কলেজের অধ্যক্ষ দাবি করে বলেন, নারী শিক্ষা বিস্তারে প্রতিষ্ঠানটি স্থাপন করা হয়েছে। প্রতিষ্ঠানটি ২০০০ সালে স্থাপিত হলেও চলতি বছরে জমি রেজিস্ট্রি করা হয়েছে। শিগগিরই সংশ্লিষ্ট বিভাগ পরিদর্শন করা হবে। অধ্যক্ষ হওয়ার মতো শিক্ষাগত যোগ্যতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রাজশাহীর অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় থেকে ২০১২ আমি হিসাববিজ্ঞানে স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছি।’
কিন্তু বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অনুমোদিত ওই বিশ্ববিদ্যালয় এবং এর সব সনদ বাতিল করেছে—স্মরণ করিয়ে দিলে আবু জাফর বলেন, ‘তাহলে তো সমস্যাই।’
বাগমারার ভবানীগঞ্জ সাবরেজিস্ট্রার আবদুল কুদ্দুস মিয়া বলেন, ওই শিক্ষাপ্রতিষ্ঠানের নামে কোনো জমি রেজিস্ট্রির তথ্য তাঁর জানা নেই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মস্তাফিজুর রহমান বলেন, এ নামে কোনো প্রতিষ্ঠান বাগমারায় নেই। ২০০০ সালে স্থাপিত হলে তাঁর দপ্তরে এ সম্পর্কে তথ্য থাকত।