বাগমারায় কৃষক পরিবারকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ
পারিবারিক ঝগড়া-বিবাদের জের ধরে রাজশাহীর বাগমারা উপজেলার আক্কাছ আলী নামের এক কৃষক পরিবারকে এক সপ্তাহ ধরে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে। বাড়ি থেকে বের হতে না পেরে মানবেতর জীবন যাপন করছেন পরিবারের সদস্যরা।
কৃষক আক্কাছ উপজেলার শ্রীপুর ইউনিয়নের মেন্দিপাড়া গ্রামের বাসিন্দা। আক্কাছ গতকাল বুধবার বিকেলে স্থানীয় প্রেসক্লাবে এসে অভিযোগ করে বলেন, ১২ জুলাই প্রতিবেশী আবেদ আলীর সঙ্গে তাঁর পরিবারের সদস্যদের পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এর জের ধরে ওই দিন তাঁদের চলাচলের পথে বাঁশের বেড়া দেন আবেদ। ওই পথ দিয়ে তাঁর (আক্কাছ) পরিবারের সদস্যরা চলাচল করেন। চলাচলের পথে বাঁশের বেড়া দেওয়ায় পরিবারের সদস্যদের স্বাভাবিক চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প পথে জঙ্গলের ভেতর দিয়ে কষ্ট করে তাঁদের চলাচল করতে হচ্ছে। তবে তিন দিন আগে থেকে বিকল্প পথেও বেড়া দেওয়া হয়। এতে এখন তাঁরা প্রায় অবরুদ্ধ হয়ে পড়েছেন। এ ছাড়া তাঁরা তাঁদের গরুকেও মাঠে নিতে পারেননি। কয়েক দিন বাড়িতে রেখে খাবার দেওয়ার কারণে অসুস্থ হয়ে প্রায় ৫৮ হাজার টাকা দামের গরুটি গতকাল বিকেলে মারা গেছে।
কৃষক আক্কাছ আরও বলেন, চলাচলের পথ বন্ধ করে দেওয়ায় তাঁর মেয়ে স্থানীয় মাদ্রাসার অষ্টম শ্রেণির ছাত্রী আফরোজা খাতুন মাদ্রাসায় যেতে পারছে না।
এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মকছেদ আলী গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, তিনি ও ইউপি চেয়ারম্যান ওই চলাচলের পথ খুলে দেওয়ার জন্য অনুরোধ করেছেন। এরপরও আবেদ শোনেননি। চিকিৎসা ও খাবারের অভাবে কৃষক আক্কাছের একটি গরুও মারা গেছে। তিনি বিষয়টি অমানবিক হিসেবে উল্লেখ করে পরিবারটিকে অন্য ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। ওই গ্রামের আরও ১০ জন ব্যক্তি একই রকম কথা বলেছেন।
এ বিষয়ে আবেদ আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, নিজ জমির ক্ষতি হচ্ছে এই কারণে বাঁশের বেড়া দেওয়া হয়েছে। তবে ওই পথ দিয়ে কৃষক আক্কাছের পরিবার দীর্ঘদিন ধরে চলাচল করছেন বলে তিনি স্বীকার করেন।