বাগমারায় কৃষিজমিতে সাত অবৈধ ইটভাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় কৃষিজমিতে সাতটি অবৈধ ইটভাটা স্থাপন করা হয়েছে। এসব ভাটায় অবাধে কাঠ ব্যবহার হচ্ছে। দুই বছর আগে এসব ইটভাটার মালিকদের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর মামলা করলেও ভাটার কার্যক্রম এখনো বন্ধ হয়নি।
গত শুক্রবার সরেজমিনে উপজেলার গোবিন্দপাড়া, নরদাশ, শুভডাঙ্গা ও আউচপাড়া ইউনিয়ন এলাকায় দেখা যায়, কৃষিজমিতে এসব ভাটা স্থাপন করা হয়েছে। ভাটাগুলোর পাশে রয়েছে ধানখেত। আর ১০০-১৫০ গজের মধ্যে রয়েছে জনবসতি। এসব ইটভাটার সামনে রয়েছে কাঠের খণ্ড খণ্ড স্তূপ। টিনের ড্রাম চিমনি দিয়ে কাঠ পোড়ানোর ধোঁয়া ছড়িয়ে পড়ছে লোকালয়ে। অথচ ১৯৮৯ সালের ইট পোড়ানো (নিয়ন্ত্রণ) আইনের ৫ ধারায় বলা হয়েছে, লোকালয় বা বনাঞ্চলের তিন কিলোমিটারের মধ্যে ইটভাটা স্থাপন করা যাবে না।
সুজনপালশার আইউব আলী, মোজাম্মেল হক, বাইগাছার রহিদুল ইসলাম, শালমারার আবদুল জব্বার অভিযোগ করেন, কৃষিজমিতে ড্রাম চিমনির এসব ভাটা স্থাপন করায় তাঁদের ফসলের ক্ষতি হচ্ছে। ভালো ফলন পাওয়া যায় না। ভাটার মালিকেরা প্রভাবশালী হওয়ায় তাঁরা প্রতিবাদ করার সাহস পান না।
উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান বলেন, কৃষিজমিতে ইটভাটা স্থাপন করা ঠিক নয়। ফসলি জমির পাশে ভাটা স্থাপন করায় ফসলের উৎপাদন কমে যায়।
স্থানীয় ৩০-৪০ জন বাসিন্দা ও উপজেলা ইটভাটা মালিক সমিতি সূত্র জানায়, পাঁচ-ছয় বছর ধরে স্থানীয় আটজন প্রভাবশালী ব্যক্তি সরকারি অনুমোদন ছাড়াই লোকালয় ও আবাদি জমির পাশে ইটভাটা স্থাপন করে ব্যবসা চালিয়ে আসছেন। তাঁরা হলেন বাইগাছা গ্রামের মোয়াজ্জেম হোসেন, জয়পুর গ্রামের আবুল কাশেম, পাশুড়িয়ার আবদুস সামাদ, জামান, শালমারা গ্রামের আফসার আলী, মাড়িয়া গ্রামের আমিনুল ইসলাম, দীঘোপাড়ার রশিদুল ইসলাম।
আধুনিক প্রযুক্তিতে স্থাপিত উপজেলার চারটি ইটভাটার মালিক অভিযোগ করেন, তাঁরা সরকারি নিয়ম মেনে ইটভাটা স্থাপন করে সরকারকে রীতিমতো মূসক দিয়ে আসছেন। তবে অবৈধভাবে গড়ে ওঠা ওই সাত ইটভাটার মালিকেরা সরকারকে কোনো মূসক দেন না। আবার তাঁরা ইট পোড়াতে কয়লার পরিবর্তে কাঠ ব্যবহার করেন। এ জন্য ওই সব অবৈধ ইটভাটার মালিকেরা কম দামে ইট বিক্রি করেন। তাঁরা ওই সব ভাটার সঙ্গে প্রতিযোগিতায় টিকতে পারছেন না বলে জানিয়েছেন।
বাগমারা থানার ওসি মতিয়ার রহমান বলেন, ২০১৪ সালের ৭ এপ্রিল রাজশাহী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মকবুল হোসেন বাকশাইল, সুজনপালশা, বাইগাছা, জয়পুর, গোবিন্দপাড়া, শালমারা ও পাশুড়িয়া এলাকার সাত ইটভাটার মালিকের বিরুদ্ধে পৃথক সাতটি মামলা করেন।
পরিবেশ অধিদপ্তর রাজশাহীর সহকারী পরিচালক নুর আলম বলেন, এসব ইটভাটার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলো বিচারাধীন। তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানোর জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে।
ইটভাটার মালিকদের মধ্যে রশিদুল ইসলাম ও উকিল চান অনুমতি ছাড়াই ইটভাটা স্থাপন ও সেগুলোতে ড্রাম চিমনি এবং কাঠ ব্যবহারের কথা স্বীকার করেছেন। প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে ইটভাটা চালাচ্ছেন বলে জানান তাঁরা। অন্য ভাটার মালিকদের মুঠোফোনে কল দিলেও তাঁরা ধরেননি।
উপজেলা ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, বৈধতা না থাকায় সাত ইটভাটাকে সমিতিভুক্ত করা হয়নি। কীভাবে এসব অবৈধ ইটভাটা চলছে তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।