বাগমারায় খুন হওয়া অজ্ঞাতনামা ব্যক্তির পরিচয় মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার রমজানপাড়ার পাটখেত থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় মিলেছে। তাঁর নাম জসিম উদ্দিন (৪২)। তাঁর বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে। পেশায় তিনি একজন কবিরাজ। হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজন নারী ও তাঁর ছেলেকে আটক করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক নাইমুল হক বলেন, গত মঙ্গলবার গোবিন্দপাড়া ইউনিয়নের পাটখেত থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে জসিম উদ্দিনের লাশ পাওয়া যায়। বিভিন্ন সূত্রে লাশের পরিচয় নিশ্চিত হওয়ার পর গতকাল সকালে পুলিশ বাগমারার রমজানপাড়া গ্রামের কবিরাজ আকতার হোসেনের বাড়িতে অভিযান চালায়। টের পেয়ে তিনি পালিয়ে গেলেও পুলিশ তাঁর স্ত্রী আয়েশা বেগম (৪২) ও এক ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তিনি আরও জানান, কবিরাজি পেশার সূত্র ধরেই কবিরাজ আকতার হোসেনের সঙ্গে তাঁর পরিচয় হয়। ঈদের পর তিনি আকতার কবিরাজের বাড়িতে বেড়াতে এসে খুন হন। দুজনের মধ্যে কবিরাজি নিয়ে কোনো বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিহত জসিম উদ্দিনের আত্মীয়স্বজনেরা বলেন, জসিম উদ্দিনকে ঈদের পর আকতার কবিরাজ ডেকে নেন।

১২ জুলাই পুলিশ জসিম উদ্দিনের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করে।