বাগমারায় গৃহবধূকে হত্যার অভিযোগ
রাজশাহীর বাগমারায় মাসকুরা খাতুন (২৩) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার পর মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার লাউপাড়া গ্রামের আহাদ আলীর মেয়ে। এ ঘটনায় নিহতের ছোট ভাই মামুনুর রশীদ থানায় চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।
বাদী মামুনুর রশীদ জানান, তিন বছর আগে উপজেলার খয়রা গ্রামের জাফর আলীর সঙ্গে তাঁর বোনের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুক হিসেবে এক লাখ টাকা দাবি করা হয়। যৌতুক দিতে না পারায় জাফর আলী প্রায়ই তাঁকে শারীরিকভাবে নির্যাতন করতেন। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে একাধিকবার সালিসও হয়েছে।
বাগমারা থানার পুলিশ ও বাদীর ভাষ্যমতে, গত রোববার সন্ধ্যায় জাফর আলী মাসকুরাকে তাঁর বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন। মাসকুরা এতে অপারগতা প্রকাশ করলে স্বামী ও তাঁর পরিবারের লোকজন ক্ষুব্ধ হয়ে তাঁকে মারধর শুরু করেন। এরই একপর্যায়ে তিনি চেতনা হারিয়ে ফেলেন এবং মারা যান। এ সময় বাড়ির লোকজন তাঁর মুখে বিষ ঢেলে পালিয়ে যান।