বাগমারায় চার বছরের শিশু ধর্ষণের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের এক বখাটের বিরুদ্ধে স্থানীয় এক সৌদি আরবপ্রবাসীর চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রক্তাক্ত অবস্থায় ধর্ষিত শিশুকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
শিশুর মা অভিযোগ করেন, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ফরহাদ হোসেনের বখাটে ছেলে সাইফুল ইসলাম (২২) ওই শিশুটিকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজেদের বাড়িতে ডেকে নিয়ে যান। একসময় মেয়েটির চিৎকারে বাড়িটির পাশ দিয়ে যাওয়া এক ব্যক্তি ওই বাড়িতে ছুটে যান। তাঁকে দেখে সাইফুল দৌড়ে পালান। বাড়িটিতে এ সময় আর কেউ ছিল না। শিশুকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন তিনি।
পরে শিশুর পরিবার রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় একজন পল্লিচিকিৎসকের কাছে নিয়ে যায়। সেখানে অবস্থার উন্নতি না হলে রাতেই শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে হাসপাতালের ওসিসি বিভাগে শিশুটি চিকিৎসাধীন।
শিশুর মামার অভিযোগ, শিশুর বাবা সৌদি আরবে থাকেন। সাইফুল স্থানীয়ভাবে বখাটে হিসেবে পরিচিত। এর আগেও তিনি এলাকার মেয়েদের উত্ত্যক্ত করেছেন। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিসও হয়েছে। এর পরেও তাঁর বখাটেপনা বন্ধ হয়নি।
বাগমারা থানার ওসি সেলিম হোসেন গতকাল শুক্রবার বিকেলে মুঠোফোনে বলেন, ওসিসি থেকে বিষয়টি তাঁকে জানানো হয়েছে। থানায় এখনো মামলা হয়নি। তবে এরই মধ্যে ধর্ষণকারী ওই বখাটেকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।