বাগমারায় চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
রাজশাহীর বাগমারার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। প্রসূতির মৃত্যুর পর তাঁকে ফেলে চিকিৎসক সটকে পড়েন। পরে বিষয়টি প্রকাশ পাওয়ায় নিহত প্রসূতির স্বজনেরা হাসপাতালে হামলার চেষ্টা করে। তখন পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহত ওই প্রসূতির নাম ববিতা বেগম (২৫)। তিনি উপজেলার বড়বিহানালী গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, গতকাল রোববার দুপুরে বড়বিহানালী গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী ববিতা বেগমের প্রসবব্যথা উঠলে তাঁকে উপজেলা সদরের ফারজানা ক্লিনিক নামের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে খণ্ডকালীন চিকিৎসক ইসাহাক আলীর তত্ত্বাবধানে তাঁকে অস্ত্রোপচারকক্ষে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে ছেলেসন্তান প্রসব করেন ওই নারী। বিষয়টি আত্মীয়স্বজনকে জানানো হলেও মায়ের অবস্থা তাদের বলা হয়নি। ঘণ্টা তিনেক পর গৃহবধূর অবস্থা খারাপ বলে স্বজনদের জানানো হয়। তখন তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে নবজাতকসহ প্রসূতিকে একটি মাইক্রোবাসে করে দ্রুত রাজশাহীর ইসলামি মেডিকেল কলেজ হাসপাতাল নামের আরেকটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। বেলা সাড়ে তিনটায় সেখানে কর্তব্যরত চিকিৎসক বলেন, অনেক আগেই ববিতা মারা গেছেন।
এদিকে এই খবর এলাকায় পৌঁছার পর ওই নারীর স্বজনেরা সংঘবদ্ধ হয়ে হাসপাতালে এসে চিকিৎসকের খোঁজ করেন। তবে তার আগেই চিকিৎসক সটকে পড়েন। এ সময় ক্ষুব্ধ স্বজনেরা হাসপাতালে হামলার চেষ্টা করেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
নিহত প্রসূতির বাবা আবু বাক্কার সিদ্দিক অভিযোগ করেন, চিকিৎসকের অবহেলায় তাঁর মেয়ে মারা গেছেন। তাঁকে ফেলে রেখে হাসপাতাল থেকে চিকিৎসক পালিয়েছেন। তিনি এই বিষয়ে মামলা করবেন বলে জানান।
ওসি (তদন্ত) বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। তবে ওই ঘটনায় এখনো থানায় কেউ মামলা বা অভিযোগ করেননি।
ইসাহাক আলীর সঙ্গে গতকাল সন্ধ্যায় একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তা বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। তবে ফারজানা ক্লিনিকের পরিচালক হাফিজুর রহমান চিকিৎসকের সটকে পড়ার কথা স্বীকার করে বলেন, প্রসূতির (ববিতার) শ্বাসকষ্টরোগ ছিল। চিকিৎসক না দেখে অস্ত্রোপচার করেছেন। এতেই ওই নারীর মৃত্যু হয়েছে।