বাগমারায় ছাত্রলীগ নেতাকে আ.লীগ নেতার হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের অটোভ্যানচালকদের কাছ থেকে নিবন্ধনের নামে টাকা আদায়ের বিষয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সুলতান আহমেদকে (২৯) প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোয়ালকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান আলমগীর সরকারের বিরুদ্ধে গতকাল রোববার থানায় জিডি করা হয়েছে।

সুলতান বলেন, গত শনিবার তিনি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে ভ্যানচালকদের কাছ থেকে নিবন্ধন ও ট্যাক্সের নামে টাকা নেওয়া হচ্ছে বলে একটি স্ট্যাটাস দেন। সেখানে তিনি লিখেছেন, নির্বাচনে আগে ইউপি চেয়ারম্যান বলেছিলেন, তিনি নির্বাচিত হলে ভ্যানচালকদের কাছ থেকে কোনো ট্যাক্স নেবেন না। নির্বাচিত হওয়ার পর তাঁদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। এতে চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে মুঠোফোনে তাঁকে অশ্লীল ভাষায় গালমন্দ করেন ও প্রাণনাশের হুমকি দেন। স্ট্যাটাসটি প্রত্যাহার করা না হলে পিঠের চামড়াও তুলে নেওয়ার হুমকি দেন। পরে দলের নেতা-কর্মীদের পরামর্শে থানায় জিডি করেন। গতকাল সুলতান প্রেসক্লাবে এসে এ বিষয়ে অভিযোগ করেন।

তবে আলমগীর সরকার দাবি করেন, তিনি নির্বাচনের আগে এ ধরনের কোনো অঙ্গীকার করেননি, নির্বাচনের ইশতেহারেও বিষয়টি ছিল না। এটি অপপ্রচার।