বাগমারায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার যাত্রাগাছি ফাজিল মাদ্রাসার সহকারী গ্রন্থাগারিক আবদুল করিমের বিরুদ্ধে এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে। তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
ওই ছাত্রীর পরিবারের সদস্য ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মাদ্রাসার সপ্তম শ্রেণির ওই ছাত্রী গ্রন্থাগারে যায়। সেখানে আবদুল করিম তাকে যৌন হয়রানি করেন। শনিবার ছাত্রীটি মাদ্রাসায় না গেলে পরিবারের সদস্যরা এর কারণ জানতে চান। তখন সে ঘটনাটি পরিবারের সদস্যদের জানায়। পরে পরিবারের পক্ষ থেকে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে এ বিষয়ে অভিযোগ করা হয়। ঘটনাটি প্রকাশ পেলে অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে ওঠেন।
গত রোববার সকালে ১৫-২০ জন অভিভাবক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আয়ূব আলীর কাছে গিয়ে এ ঘটনায় তিনি কী ব্যবস্থা নিয়েছেন তা জানতে চান। একপর্যায়ে আয়ূব মুঠোফোনে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বিষয়টি অবহিত করেন। দুপুরে ইউএনও তরিকুল ইসলাম এবং বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান ঘটনাস্থলে গেলে অভিভাবকেরা তাঁদের কাছেও অভিযোগ করেন।
এ বিষয়ে ইউএনও তরিকুল ইসলাম বলেন, সহকারী গ্রন্থাগারিক আবদুল করিম সেদিন মাদ্রাসায় উপস্থিত ছিলেন না। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আয়ূব আলী বলেন, ঘটনার পর থেকে আবদুল করিম আর মাদ্রাসায় আসেননি। প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে তাঁর জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আবদুল করিমের মুঠোফোনে চার-পাঁচবার ফোন করেও তা বন্ধ পাওয়া গেছে। তাই এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।