বাগমারায় জমি দখল করে দিঘি খননের চেষ্টা
রাজশাহীর বাগমারা উপজেলায় কৃষকদের ২০০ বিঘা কৃষিজমি দখল করে দিঘি খননের চেষ্টার অভিযোগ উঠেছে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা গত মঙ্গলবার রাতে দুটি ড্রেজার (খননযন্ত্র) দিয়ে দিঘি খনন শুরু করেন। স্থানীয় কৃষকেরা গতকাল বুধবার তা দেখার পর বাধা দেন। পরে ক্ষুব্ধ জমির মালিকেরা দুটি খননযন্ত্রও ভাঙচুর করেন। এ সময় রিপন হোসেন (৩৪) নামের খননযন্ত্রের এক চালককে আটক করে পুলিশ।
ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গতকাল বিকেলে রিপনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আক্তার।
এদিকে কৃষিজমিতে পুকুর বা দিঘি খনন না করার আবেদন জানিয়ে উচ্চ আদালতে জালাল উদ্দিন নামের এক আইনজীবী রিট পিটিশন করেন। পরে আদালত এসব বন্ধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। এ ছাড়া অনুমতি ছাড়া আবাদি জমিতে পুকুর বা দিঘি খনন করা যাবে না বলেও ভূমি মন্ত্রণালয় পরিপত্র জারি করে।
স্থানীয় কয়েকজন কৃষক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে উপজেলার রামরামা গ্রামের আবদুল লতিফ সরকার ও কনোপাড়া গ্রামের নজবুল হক নামের দুই প্রভাবশালী ব্যক্তি গোয়ালকান্দি ইউনিয়নের যশোর বিলে দুটি খননযন্ত্র দিয়ে দিঘি খনন শুরু করেন। স্থানীয় ৪০ থেকে ৪৫ জন কৃষকের প্রায় ২০০ বিঘা কৃষিজমি দখল করে তাঁরা গতকাল সকাল আটটা পর্যন্ত খননকাজ অব্যাহত রাখেন। ওই সব জমি থেকে দুই দিন আগে বেরো ধান কেটে নিয়েছেন কৃষকেরা। পরে জমিগুলো ফাঁকা ছিল। গতকাল সকালে কৃষকেরা সেখানে গিয়ে তাঁদের জমি দখল করে দিঘি খননের দৃশ্য দেখতে পান। তাঁরা সংঘবদ্ধ হয়ে তাঁদের বাধা দেন। এ সময় ধাওয়া খেয়ে খননের সঙ্গে জড়িত ব্যক্তিরা পালিয়ে যান। পরে ক্ষুব্ধ লোকজন দুটি খননযন্ত্রের কিছু অংশ ভেঙে ফেলেন এবং রিপনকে ধরে ফেলেন। খবর পেয়ে পুলিশ রিপনকে আটক করে থানায় নিয়ে আসে।
স্থানীয় আকবর আলী, আবদুল জলিল, বেলাল হোসেন, জাহিদুল ইসলামসহ ৩০ জন কৃষক বলেন, দুই দিন আগে তাঁরা জমি থেকে বোরোধান কেটে নিয়েছেন। প্রভাবশালী আবদুল লতিফ ও নজবুল হক তাঁদের কাছ থেকে কোনো অনুমতি না নিয়ে জমি দখল করে দিঘি খনন শুরু করেছেন।
এ বিষয়ে লতিফ ও নজবুলের সঙ্গে গতকাল মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ থাকায় কথা বলা সম্ভব হয়নি। বাগমারা থানার এএসআই নজরুল ইসলাম গতকাল সন্ধ্যায় পৌনে সাতটার দিকে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, রিপন এখন থানা হেফাজতে আছে। তাঁকে আজ বৃহস্পতিবার কারাগারে পাঠানো হবে।
ইউএনও বলেন, অবৈধভাবে পুকুর খননের দায়ে আটক রিপনকে গতকাল বিকেলে আদালতের মাধ্যমে ১৫ দিনের ওই কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁরা যে পরিমাণ পুকুর খনন করেছেন, তা ভরাট করে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।