বাগমারায় জেএমবি সন্দেহে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব-৫-এর রাজশাহীর উপপরিচালকের স্বাক্ষরিত এক বিবৃতিতে গতকাল রোববার এ কথা জানানো হয়েছে।

 বিবৃতিতে বলা হয়, ৭ মার্চ উপলক্ষে জঙ্গিরা নাশকতার প্রস্তুতি নিচ্ছে—এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেজর মুহাম্মদ আবদুস সালামের নেতৃত্বে একটি গোয়েন্দা দল গতকাল বাগমারায় অভিযান চালায়। ভোর পাঁচটায় র‌্যাবের দলটি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের সগুনা গ্রামের একটি আমবাগান থেকে তিনজনকে গ্রেপ্তার করে। আটক ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের আমিনুর রহমান ওরফে সুপন (৩৫), গাজীপুরের আবু সাইদ ওরফে মানিক (২৮) ও নারায়ণগঞ্জের পি এম শাহীন শাহ তানিন (৫২)।

র‍্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৬টি হাতবোমা, সাতটি পেট্রলবোমা এবং আটটি জঙ্গি-সংক্রান্ত পুস্তক উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৫-এর সহকারী পুলিশ সুপার (এএসপি) অলোক বিশ্বাস বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা স্বীকার করেছেন তাঁরা জেএমবির সক্রিয় সদস্য। জিজ্ঞাসাবাদ শেষে গতকাল বিকেলে তাঁদের বাগমারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাগমারা থানার ওসি মতিয়ার রহমান বলেন, র‌্যাবের পক্ষ থেকে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে থানায় একটি মামলা করা হয়েছে।