বাগমারায় তুলে নেওয়া তিনজনের হদিস মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা থেকে গত এক মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয়ে তুলে নিয়ে যাওয়া তিন ব্যক্তির সন্ধান এখনো পাওয়া যায়নি। থানায় সাধারণ ডায়েরি (জিডি) হলেও নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কোনো তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন তাঁদের পরিবারের সদস্যরা।

১৯ এপ্রিল উপজেলার গোয়ালকান্দি এলাকার তালতলি এলাকা থেকে নিখোঁজ হন পলাশী গ্রামের মোরশেদ আলম নামের এক যুবক। তিনটি মোটরসাইকেলে করে সাদাপোশাকের ছয়জন লোক এসে তাঁকে তুলে নিয়ে গেছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন। এর আগে একই কায়দায় উপজেলার হামিরকুৎসা গ্রামের আবদুল কুদ্দুসকে গত ৩০ মার্চ সন্ধ্যায় এবং কাঁঠালবাড়ী গ্রামের আরেক আবদুল কুদ্দুসকে ৬ এপ্রিল তুলে নিয়ে যাওয়া হয়। সাদাপোশাকধারী লোকেরা নিজেদের নিরাপত্তা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে তাঁদের তুলে নিয়ে যান বলে অভিযোগ করে পরিবার।

কুদ্দুস নামের দুই ব্যক্তির বিরুদ্ধে জঙ্গি-সংশ্লিষ্টতার মামলা রয়েছে। তাঁরা ওই মামলায় জামিনে রয়েছেন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

হামিরকুৎসা গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে জাহিদ হোসেন বলেন, কেউ কোনো খোঁজ দিতে পারছে না। থানায় গেলে পুলিশ কেবল বলে খোঁজা হচ্ছে। কাঁঠালবাড়ী গ্রামের আরেক আবদুল কুদ্দুসের চাচা ইয়াসিন আলী বলেন, নিরাপত্তা বাহিনীর লোকজন এই নিখোঁজের তদন্তের ব্যাপারে কোনো সন্তোষজনক জবাব দিচ্ছেন না।

রাজশাহী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক সেলিম হোসেন প্রথম আলোকে বলেন, তাঁরা বাগমারা থেকে কাউকে তুলে নিয়ে আসেননি। ডিবির কোনো দলও বাগমারায় যায়নি।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, নিখোঁজ ব্যক্তিদের পরিবার থানায় জিডি করেছে। পুলিশ তাঁদের বিষয়ে খোঁজখবর নিয়েছে। দেশের বিভিন্ন থানায় বার্তা পাঠানো হয়েছে। নিখোঁজ হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে। র‍্যাব-৫-এর নাটোর ক্যাম্পের কর্মকর্তারাও জানান, তাঁরা কোনো অভিযানে যাননি বাগমারায়।

এর আগে গত বছরের আগস্ট মাসে উপজেলার হামিরকুৎসা, কালাপাড়া ও বালিয়া গ্রাম থেকে নিরাপত্তা বাহিনীর সদস্য পরিচয়ে চারজনকে তুলে নেওয়া হয়েছিল। চার মাস পর বিভিন্ন সময় তাঁরা ফিরে আসেন। তবে কারা তাঁদের তুলে নিয়েছিল, এই বিষয়ে কিছু বলেননি। চোখ বেঁধে একটি ঘরে রাখা হয়েছিল বলে জানিয়েছিলেন।