বাগমারায় দুজন নিহতের ঘটনায় পুলিশের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার আউচপাড়া ইউনিয়নে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় আজ রোববার থানায় মামলা করেছে পুলিশ।

সরকারি কাজে বাধা, পুলিশকে মারধর ও দুজন নিহত হওয়ার অভিযোগে স্থানীয় হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মাসুদ আলী এ মামলা করেন। তবে নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে কোনো মামলা হয়নি।
গতকাল শনিবার বিকেলে আউচপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে তাদের সঙ্গেও সংঘর্ষ শুরু হয়। এ সংঘর্ষে সিদ্দিকুর রহমান (৩০) নামের একজন গুলিতে মারা যান। মারা যান রমজান আলী (৪৫) নামের আরেকজন। আহত হন অর্ধশতাধিক ব্যক্তি। নিহত ব্যক্তিরা সারন্দি গ্রামের আওয়ামী লীগের কর্মী। তাঁরা আউচপাড়া ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী সরদার জান মোহাম্মদের সমর্থক ছিলেন।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা হয়েছে। মামলায় ৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। তবে তিনি তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করেননি।
জানতে চাইলে পরিদর্শক বলেন, এখন পর্যন্ত নিহত ও আহত ব্যক্তিদের পক্ষে কেউ মামলা করতে থানায় আসেনি। অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।
যোগাযোগ করা হলে আওয়ামী লীগ প্রার্থী সরদার জান মোহাম্মদ অভিযোগ করেন, পুলিশের গুলিতে ও নির্যাতনে তাঁর দুই সমর্থকের মৃত্যু হয়েছে। দাফন শেষে তাঁরা এ ঘটনায় মামলা করবেন।
তবে এ অভিযোগের ব্যাপারে জানতে চাইলে আজ পুলিশের রাজশাহী রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এম খুরশীদ হোসেন সাংবাদিকদের বলেন, সিদ্দিকুর গুলিতে মারা গেছেন। তবে কার গুলিতে মারা গেছেন তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। অন্যদিকে রমজান আলী সংঘর্ষের মধ্যে পড়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।
প্রসঙ্গত, গতকাল শনিবার আউচপাড়া ইউনিয়নসহ ১৬টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ৫ মে নির্বাচন কমিশন অনিবার্য কারণবশত এসব ইউনিয়নে নির্বাচন স্থগিত করার ঘোষণা দেয়।