বাগমারায় নিজ বাড়িতে মা ও ছেলেকে হত্যা
রাজশাহীর বাগমারা উপজেলার দেউলা গ্রামে মা ও ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সকালে নিজেদের বাড়ি থেকে তাঁদের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যক্তিরা হলেন আকলিমা খাতুন (৪৫) ও তাঁর ছেলে জাহিদুল ইসলাম (২৫)। জাহিদ রাজশাহী কলেজের দর্শন বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিলেন।
উপজেলার দেউলা গ্রামের মৃত মজিবুর রহমানের স্ত্রী আকলিমা ও তাঁর ছেলে জাহিদ রোববার রাতে খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়েন। এরপর সকালে কয়েকজন রাজমিস্ত্রি এসে তাঁদের বাড়িতে কাজ করার জন্য ডাকাডাকি করেন। কিন্তু এতে কোনো সাড়াশব্দ না পেয়ে তাঁদের সন্দেহ হয়। তাঁরা বিষয়টি আরেকটি বাড়িতে বসবাসকারী আকলিমার বড় ছেলে দুলাল উদ্দিনকে জানান। দুলাল বাড়িতে এসে মেঝেতে মা ও ভাইয়ের গলাকাটা লাশ দেখতে পান।
খবর পেয়ে রাজশাহী থেকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দুটি দল ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছে। থানা-পুলিশ সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য লাশ দুটি পাঠায় রাজশাহী মেডিকেল কলেজ মর্গে।
পিবিআইয়ের রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেন বলেন, আলামত দেখে মনে হচ্ছে, পেশাদার খুনিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে, গলা কেটে মা ও ছেলেকে হত্যা করেছে। তারা তাঁদের মুঠোফোনও নিয়ে গেছে।
আকলিমার বড় ছেলে দুলাল জানান, এর আগেও তাঁর মাকে হত্যার চেষ্টা করা হয়েছে। টাকাপয়সা ও পারিবারিক কিছু বিষয় নিয়ে তাঁদের সঙ্গে কয়েকজনের বিরোধ চলছে। তিনি জানান, তাঁর ছোট ভাই কয়েক মাস আগে বাড়িতে আসেন। এর আগে তিনি রাজশাহীতেই থাকতেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়দা খান জানান, এ ঘটনায় দুলাল উদ্দিন হত্যা মামলা করেছেন।