বাগমারায় নিয়োগ সংশোধনী নীতিমালার ফাঁকে বাণিজ্য?
রাজশাহীর বাগমারার প্যানেলভুক্ত শিক্ষকেরা নিয়োগ সংশোধনী নীতিমালার গ্যাঁড়াকলে পড়ে হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে জেলা শিক্ষা কর্মকর্তা দাবি করেছেন, নীতিমালা মেনে নিয়োগ সংশোধন করা হচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, উচ্চ আদালতের নির্দেশে গত ২০ জুন বাগমারার প্যানেলভুক্ত ১২৪ জন শিক্ষককে সদ্য জাতীয়করণ করা ১১২টি বিদ্যালয়ে নিয়োগ দিয়ে পদায়ন করা হয়। ঈদের পর শিক্ষকেরা যোগদান শুরু করেন।
শিক্ষকেরা অভিযোগ করেন, তাঁরা জেলা শিক্ষা কর্মকর্তার কাছ থেকে নিয়োগপত্র নিয়ে যোগদান করতে গিয়ে বিড়ম্বনার শিকার হয়েছেন। তাঁদের যে বিদ্যালয়ে যোগদানের জন্য নিয়োগপত্র দেওয়া হয়েছে, পরে তা পাল্টে দূরের কোনো বিদ্যালয়ে দেওয়া হয়েছে। আবার প্রথমে নিয়োগ পাওয়া বিদ্যালয়ে যোগদান করেও পরে অনেককে অন্য বিদ্যালয়ে যেতে হয়েছে।
শিক্ষক ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, শূন্য পদ না থাকলেও অতিরিক্ত শিক্ষক হিসেবে প্যানেলভুক্ত শিক্ষকদের নিয়োগ দেওয়া হয়েছে। যোগদান করতে গিয়ে অনেকে ফিরে এসেছেন। উপজেলার সৈয়দপুর শংকরপৈ, বানাইপুর, বারিগ্রাম, বিনোদপুর, খালিসপুরসহ কয়েকটি বিদ্যালয়ে এই ধরনের ঘটনা ঘটেছে।
মচমইল কলেজের শিক্ষক মালেক মেহমুদ জানান, শেফালী খাতুন নামের তাঁর এক আত্মীয়কে প্রথমে রঘুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়। পরে তা পরিবর্তন করে বিনোদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগপত্র দেওয়া হয়। সেখানে যোগদানের এক দিন পর একই বিদ্যালয়ে রাখি রাণী ভৌমিক নামের আরেকজন শিক্ষককে নিয়োগ দেওয়া হয়। পরে শেফালী খাতুনকে ওই বিদ্যালয় থেকে ফেরত পাঠানো হয়।
শিক্ষা কার্যালয়ের নথি ঘেঁটে দেখা যায়, গতকাল মঙ্গলবার পর্যন্ত ২৫ জনের নিয়োগ সংশোধন করা হয়েছে। তাঁরা একাধিকবার নিয়োগ সংশোধন করে নিজেদের পছন্দের বিদ্যালয়ে যোগদান করেছেন। আরও ১০-১২ জন শিক্ষক এই প্রক্রিয়ায় আছেন। মুসলিমা খাতুন নামের এক শিক্ষক জানান, প্রথমে তাঁকে খালিসপুর বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হলেও দুই দফা পরিবর্তন করে গোয়ালকান্দা বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।
কামরুন্নাহার নামের এক শিক্ষক জানান, তাঁকে প্রথমে নিজ এলাকার রঘুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হলেও পরে পরিবর্তন করে অনেক দূরের খালিসপুর বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হয়। আরও ১৫-১৬ জন শিক্ষক একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে নয়জন শিক্ষক অভিযোগ করেন, সরকারি নীতিমালায় দুই বছরের মধ্যে বদলির সুযোগ না থাকায় জেলা শিক্ষা কর্মকর্তা টাকার বিনিময়ে নিয়োগ সংশোধন করে চলেছেন। টাকা দিতে না পারায় তাঁরা পছন্দের বিদ্যালয়ে যেতে পারছেন না।
উপজেলা শিক্ষা কর্মকর্তা আবদুল জব্বার জানান, নিয়োগ সংশোধনীর এখতিয়ার জেলা শিক্ষা কর্মকর্তার। বিভিন্ন তদবিরের কারণে এসব করা হচ্ছে। তবে ঘন ঘন নিয়োগ সংশোধনীতে তিনিও বিব্রত। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবুল কাশেম গতকাল মঙ্গলবার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, নীতিমালা মেনে নিয়োগ সংশোধন করা হচ্ছে। শিক্ষকদের সুবিধার জন্য এই কাজ করা হয়েছে। কোনো টাকাপয়সা নেওয়া হয়নি।
পদ না থাকার পরও সংশোধনীর মাধ্যমে অতিরিক্ত শিক্ষক নিয়োগ ও নিজ এলাকার বাইরে কিছু শিক্ষককে নিয়োগ দেওয়া প্রসঙ্গে বলেন, ক্ষমতাসীন দলের নেতাদের অনুরোধে কিছু অনিয়ম হতে পারে।