বাগমারায় পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারার ঝিকড়া জোয়ানভাগ এলাকায় আজ রোববার ভোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক (২৪) নিহত হয়েছেন। পুলিশের সন্দেহ, যুবকটি জঙ্গি কোনো সংগঠনের সদস্য হতে পারে।

নিহত যুবকের নাম–পরিচয় পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, হাতবোমা, বড় হাঁসুয়া, রামদাসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

রাজশাহী জেলা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বাগমারার জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধ’ হয়। এতে অজ্ঞাত ওই যুবক নিহত হয়।

স্থানীয় ১২ থেকে ১৪ জন বাসিন্দা জানান, ভোররাতে তাঁরা ঝিকড়ার এক আমবাগানে গুলির শব্দ শুনেছেন। তবে নিহত যুবককে ওই এলাকায় কখনো দেখেননি।

লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম হোসেন ‘বন্দুকযুদ্ধে’ একজনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।