বাগমারায় পৃথক ঘটনায় দুজন খুন
পারিবারিক বিরোধের জের ধরে রাজশাহীর বাগমারা উপজেলায় দুটি পৃথক খুনের ঘটনা ঘটেছে। খুন হওয়া ব্যক্তিরা হলেন গণিপুর ইউনিয়নের রঘুপাড়া গ্রামের সাজ্জাদ হোসেন (৩০) ও আউচপাড়া ইউনিয়নের শিয়ালীপাড়া গ্রামের তাহমিনা খাতুন (২৮)। সাজ্জাদ হোসেনকে শ্বাসরোধে ও তাহমিনাকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।
পুলিশ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে। তাঁরা হলেন সাজ্জাদের স্ত্রী খুশি খাতুন (২৬) ও তাহমিনা খাতুনের স্বামী মিঠু হোসেন (৩৫)।
সাজ্জাদ হোসেনের মা রাবেয়া বেগম জানান, সাজ্জাদ হোসেনের সঙ্গে তাঁর স্ত্রী খুশি খাতুনের মনোমালিন্য চলে আসছিল। গত শুক্রবার রাতে সাজ্জাদ হোসেন রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত আড়াইটার দিকে খুশি তাঁকে ঘুম থেকে ডেকে তুলে জানান যে তাঁর স্বামী মারা গেছেন। পরে তিনি ঘরে গিয়ে সাজ্জাদকে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় খুশিকে আটক রেখে থানায় খবর দিলে পুলিশ এসে সাজ্জাদের লাশ উদ্ধার ও স্ত্রী খুশি খাতুনকে গ্রেপ্তার করে। রাবেয়া বেগমের অভিযোগ, ভাড়াটে খুনি দিয়ে খুশি তাঁর ছেলেকে হত্যা করেছেন। এ বিষয়ে তিনি হত্যা মামলা করেছেন।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম হোসেন জানান, খুশি খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গতকাল শনিবার সকালে শিয়ালী গ্রামের গৃহবধূ তাহমিনার সঙ্গে তাঁর স্বামী মিঠু হোসেনের পারিবারিক বিষয় নিয়ে বিরোধের জের ধরে ঝগড়া হয়। একপর্যায়ে মিঠু হোসেন ক্ষুব্ধ হয়ে কোদালের হাতল দিয়ে স্ত্রীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তার আগেই তাহমিনা মারা যান। পরে লোকজন মিঠুকে আটক করে থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ও মিঠুকে গ্রেপ্তার করে।
হাটগাঙ্গোপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক নাইমুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে মিঠুকে গ্রেপ্তার করা হয়েছে। তাহমিনার বাবা উপজেলার ইন্দ্রপুর গ্রামের নাসির উদ্দিন হত্যা মামলা করেছেন। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।