বাগমারায় বাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপতিপাড়া গ্রামে একটি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে কৃষক শরিফ উদ্দিন এ অভিযোগ করেন।
শরিফ উদ্দিন বলেন, জমিজমা নিয়ে গ্রামের সাঈদ আলী ও আবদুল আলিমের সঙ্গে তাঁর বিরোধ রয়েছে। সম্প্রতি তিনি খেত থেকে মসুর ডাল বাড়িতে আনেন। গত বৃহস্পতিবার বিকেলে স্থানীয় ভাগনদী পুলিশ তদন্তকেন্দ্রের একদল পুলিশ তাঁদের পরিবারের সদস্যদের ধরার জন্য আসছে—এমন সংবাদ পেয়ে তাঁরা ভয়ে বাড়িতে তালা ঝুলিয়ে অন্য একটি বাড়িতে আশ্রয় নেন। তদন্তকেন্দ্রটির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও একজন কনস্টেবল প্রতিপক্ষ সাঈদ, আলীম, সিরাজকে সঙ্গে নিয়ে তাঁদের বাড়িতে আসেন। তাঁরা বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়েন। পরে তাঁরা মসুর-কলাই লুট করে নিয়ে যান। একটি কক্ষের আসবাবও ভাঙচুর করা হয়।
শরিফ উদ্দিন অভিযোগ করেন, এ ঘটনার পর থানায় মামলা করতে গেলে তাঁদের ভয়ভীতি দেখিয়ে ফিরিয়ে দেওয়া হয়েছে। প্রতিপক্ষের একজনের ভাতিজা প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ পদে চাকরি করেন। তাঁর প্রভাবের কারণে থানার পুলিশ ব্যবস্থা নিচ্ছে না।
এসব অভিযোগ অস্বীকার করে ভাগনদী পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবদুর রাজ্জাক বলেন, প্রতিপক্ষের খেত থেকে তিনি (শরিফ উদ্দিন) কলাই উঠিয়ে নিয়েছেন—এমন অভিযোগ এসেছিল। এর পরিপ্রেক্ষিতে সেগুলো তাঁর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। বাড়ি চিনিয়ে দেওয়ার জন্য প্রতিপক্ষের লোকজনের সহযোগিতা নেওয়া হয়েছিল।
সাঈদ আলী ফকির বলেন, তাঁরা ওই জমির বৈধ মালিক। তাঁরা সেখানে মসুর লাগিয়েছিলেন। কিন্তু প্রতিপক্ষ খেত থেকে জোর করে ফসল তুলে নিয়ে গিয়েছিল।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, ‘ওসি স্যার গত শুক্রবার অন্যত্র বদলি হয়েছেন। আমি বিষয়টি জানি না।’