বাগমারায় বিএনপির মিছিলে হামলা আহত ১০
রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভায় বিএনপির মিছিলে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। এতে বিএনপি সমর্থক দুই কাউন্সিলরসহ ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তাহেরপুর পৌরসভা বিএনপির সভাপতি আবু নঈম শামসুর রহমান ওরফে মিন্টুর সমর্থনে বাজারে একটি মিছিল বের হয়। একই সময় আওয়ামী লীগের নেতা-কর্মীরাও একটি মোটরসাইকেল মহড়া করেন। দুই পক্ষ হরিতলা মোড়ে মুখোমুখি হয়। তখন আওয়ামী লীগের মোটরসাইকেল বিএনপির মিছিলে ঢুকে পড়লে দুই পক্ষে সংঘর্ষ বেধে যায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
সংঘর্ষে বিএনপি-সমর্থক ওয়ার্ড কাউন্সিলর আবদুল ওয়াহাব (৫০), ইসমাইল হোসেনসহ (৫২) অন্তত ১০ জন আহত হন। আহত নেতা-কর্মীদের পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিএনপির নেতা ও সম্ভাব্য মেয়র প্রার্থী আবু নঈম শামসুর রহমান অভিযোগ করেন, পূর্বপরিকল্পিতভাবে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন।
পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর রহমান বলেন, বিএনপির কর্মীরা তাঁদের মহড়ায় হামলা চালিয়েছেন।