বাগমারায় মা-ছেলে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় চাঞ্চল্যকর মা-ছেলে হত্যাকাণ্ডে দায়ের করা মামলার তদন্ত এখনো শেষ করতে পারেনি পুলিশ। চারবার মামলার তদন্ত কর্মকর্তা বদলের পর শেষ পর্যন্ত বিশেষায়িত তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এটি হাতে নেয়। এরপর তিনজন গ্রেপ্তার হলেও মূল আসামি এখনো রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে।

উপজেলার দেউলা গ্রামে ২০১৪ সালের ২৩ নভেম্বর মা আকলিমা খাতুন (৪৫) ও ছেলে জাহিদুল ইসলাম (২৫) নিজ ঘরে খুন হন। দুজনকেই গলা কেটে হত্যা করা হয়। পরদিন সকালে মা-ছেলের লাশ উদ্ধার করে পুলিশ। এর পরপরই বাগমারা থানায় মামলা করেন নিহত আকলিমার আরেক ছেলে দুলাল হোসেন। গত বছরের নভেম্বরে পিবিআই রাজশাহীর দপ্তরে পাঠানো হয়। এরপর থেকে এ পর্যন্ত তিনজন গ্রেপ্তার হয়েছেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আদালতে আওয়ামী লীগের এক নেতাকে এ হত্যাকাণ্ডের মূল হোতা হিসেবে উল্লেখ করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। এই নেতার নাম আবুল হোসেন। তিনি আওয়ামী লীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় দেউলা রাণীরিভারভিউ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং নিহত জাহিদুলের চাচা।

মামলার বাদী দুলাল হোসেন অভিযোগ করেন, পুলিশ তদন্তের নামে মূল আসামিকে রক্ষার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে। তদন্তকারী কর্মকর্তার কাছ থেকে এ পর্যন্ত তিনি কোনো সন্তোষজনক সাড়া পাননি বলে অভিযোগ করেন দুলাল হোসেন।

পিবিআই সূত্রে জানা যায়, গত বছরের ২০ ডিসেম্বর জেলার দুর্গাপুর উপজেলার পাঁচজনকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছে নিহত জাহিদুলের মুঠোফোন পাওয়া যায়।

আদালতসংশ্লিষ্টদের সূত্রে জানা যায়, গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে তিনজন লক্ষ্মীপুর গ্রামের আবদুর রাজ্জাক (২৮), শ্যামপুরের আবদুল্লাহ আল কাফি (২০), মনিরুল ইসলাম (২৭) খুনে জড়িত থাকার কথা স্বীকার করে ২০ ডিসেম্বর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। জবানবন্দিতে তাঁরা এ ঘটনায় আওয়ামী লীগের উপজেলা শাখার নেতা আবুল হোসেনকে মূল হোতা হিসেবে উল্লেখ করেন। এই নেতার ভাড়া করা লোক হিসেবেই তাঁরা হত্যাকাণ্ডটি ঘটিয়েছেন বলে স্বীকারোক্তি দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই রাজশাহীর পরিদর্শক জাহাঙ্গীর আলম গত রোববার রাতে মুঠোফোনে বলেন, মামলাটির তদন্ত চলছে। মামলা অন্য খাতে প্রবাহের চেষ্টা ও বাণিজ্যের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, অভিযোগ করলে তো কিছু করার নেই। তদন্তে জমিজমার একটি বিষয় উঠে এসেছে। সেটি খতিয়ে দেখা হচ্ছে। তাই অভিযোগপত্র দিতে দেরি হচ্ছে।