বাগমারায় মাদ্রাসা শিক্ষককে কুপিয়ে হত্যা
রাজশাহীর বাগমারায় এক মাদ্রাসাশিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষকের নাম আবুল কালাম আজাদ (৩৫)। তিনি উপজেলার খাঁপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।
পরিবারের লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাতে গ্রামের মসজিদে তারাবিহর নামাজ শেষে বাড়ি ফিরছিলেন মাদ্রাসাশিক্ষক আবুল কালাম আজাদ। রাত ১০টার দিকে তিনি বাড়িতে না ফেরায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে খাঁপুর দাখিল মাদ্রাসা মাঠে লোকজন তাঁর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর পাঠান। খবর পেয়ে কিছুক্ষণ পর পরিবারের সদস্যেরা সেখানে এসে তাঁর লাশ শনাক্ত করেন।
বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান মাদ্রাসাশিক্ষক আবুল কালাম আজাদের মৃত্যুর খবর নিশ্চিত করে গতকাল রাত সাড়ে ১০ টার দিকে প্রথম আলোকে বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। কী কারণে, কারা তাঁকে খুন করেছে, সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।’
স্থানীয় লোকজন বলেন, তাঁর শরীরে ধারালো অস্ত্রের ও মাথায় আঘাত রয়েছে। দুর্বৃত্তরা মসজিদে যাওয়ার পর থেকে তাঁকে অনুসরণ করছিল।
শিক্ষকের স্বজনেরা জানান, কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে, তা তাঁরা বুঝতে পারছেন না। তাঁর কোনো শক্র ছিল কি না, তা-ও তাঁদের জানা নেই।