বাগমারায় মাদ্রাসাশিক্ষককে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় আজ শুক্রবার রাতে এক মাদ্রাসাশিক্ষককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত শিক্ষকের নাম আবুল কালাম আজাদ (৩৫)। তিনি উপজেলার খাপুর দাখিল মাদ্রাসার শিক্ষক ছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গ্রামের মসজিদে তারাবির নামাজ পড়তে গিয়েছিলেন। রাত ১০টার পরও তিনি বাড়িতে না ফিরলে পরিবারের লোকজনের সন্দেহ হয়। পরে খাপুর মাদ্রাসা মাঠে লোকজন তাঁর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পরিবারের লোকজন এসে তাঁকে শনাক্ত করে।

স্থানীয় লোকজন জানান, তাঁর শরীরে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। নিহত শিক্ষকের স্বজনেরা জানান, কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে সেটি তারা বুঝতে পারছেন না। তাঁর কোনো শত্রু ছিল কি না তাও জানা নেই।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আসাদুজ্জামান আবুল কালাম আজাদের মৃত্যুর খবর নিশ্চিত করে রাত সাড়ে ১০ টায় প্রথম আলোকে বলেন, পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। তাঁকে কী কারণে ও কারা খুন করেছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।