বাগমারায় যুবলীগের সম্মেলনে সংঘর্ষ, গুলি
রাজশাহীর বাগমারায় যুবলীগের সম্মেলনে দুই সাধারণ সম্পাদক প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঝিকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। পরে সম্মেলন শেষ না করেই অতিথিরা অনুষ্ঠানস্থল ছেড়ে যান।
কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, শনিবার বিকেলে উপজেলার দেউলা রানী রিভারভিউ বিদ্যালয় মাঠে উপজেলা যুবলীগের সম্মেলন শুরু হয়। সম্মেলনে স্থানীয় সাংসদ এনামুল হক প্রধান অতিথি ছিলেন। সম্মেলনের প্রথম পর্ব সন্ধ্যায় শেষ হয়। এর পর সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য উপজেলার বঙ্গবন্ধু কমপ্লেক্সে কাউন্সিলরদের ডাকা হয়। এ সময় সাধারণ সম্পাদক প্রার্থী আবদুল আজিজ ও জাহাঙ্গীর আলমের সমর্থকেরা নিজ নিজ প্রার্থীর সমর্থনে স্লোগান দেন। এ সময় প্রতিপক্ষের হাতে জাহাঙ্গীর আলমের কয়েকজন সমর্থক লাঞ্ছিত হন।
সম্মেলনের দ্বিতীয় পর্ব শুরুর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চানপাড়ায় বঙ্গবন্ধু কমপ্লেক্সের সামনে আজিজের সমর্থকেরা প্রতিপক্ষ জাহাঙ্গীরের লোকজনের ওপর হামলা চালান। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় জাহাঙ্গীরের সমর্থক কয়েকজন যুবক পুলিশের সামনেই প্রতিপক্ষের লোকজনের ওপর গুলি ও ককটেল ছোড়ে। এতে ঝিকরা ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশারফ হোসেন (৩০) ডান পায়ে গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হন। পরে গুলিবিদ্ধ যুবলীগ নেতাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনার পর সম্মেলন স্থগিত ঘোষণা করে অতিথিরা অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।
আবদুল আজিজ অভিযোগ করেন, ‘জাহাঙ্গীরের ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান শহর থেকে অস্ত্রধারী সন্ত্রাসীদের ভাড়া করে এনে আমার সমর্থকদের ওপর গুলি চালিয়েছে।’
মিজানুর রহমান বলেন, ‘আমার বড় ভাই (জাহাঙ্গীর) যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। সে কারণে অনুষ্ঠানে গিয়েছিলাম, কারা গুলি করেছে, তা আমি জানি না।’ তবে মোশারফ হোসেন বলেন, জাহাঙ্গীরের লোকজনই তাঁকে গুলি করেছে।