বাগমারায় শিশু বলাৎকারের শিকার, গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারায় পাঁচ বছরের এক শিশুকে বলাৎকার করার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত জাবেদ আলী (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তিনি উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার মসতুল আলীর ছেলে। রক্তাক্ত অবস্থায় শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।
বলাৎকারের শিকার শিশুটির বড় ভাই বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর ভাই বাড়ির পাশে এক আমবাগানে খেলা করছিল। সকাল সাড়ে আটটার দিকে একই গ্রামের জাবেদ আলী শিশুটিকে একা পেয়ে ফুসলিয়ে বাগানের পাশে এক পরিত্যক্ত বাড়িতে নিয়ে বলাৎকার করেন। এ সময় শিশুটি চিৎকার শুরু করলে জাবেদ শিশুটিকে গলাটিপে হত্যার চেষ্টা চালান। স্থানীয় লোকজন টের পেলে শিশুকে রক্তাক্ত অবস্থায় ফেলে জাবেদ পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয় লোকজন ধাওয়া করে জাবেদ আলীকে ধরে ফেলেন।
থানায় খবর দেওয়া হলে দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক জাবেদ আলীকে গ্রেপ্তার করে। বলাৎকারের শিকার শিশুটিকে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। শিশুর বড় ভাই থানায় একটি মামলা করেছেন। ওসি সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।