বাগমারায় সংঘর্ষে আহত ১৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলায় গতকাল রোববার প্রাচীর নির্মাণ করাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে ১৭ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিদের মধ্যে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিনেরব্যক্তিগত সহকারী এনামুল হকও (৩৭) রয়েছেন। এ ঘটনায় শহিদুল ইসলাম (২৮) নামের একজনকে আটক করা হয়েছে। তাঁর বাড়ি উপজেলার চানপাড়া গ্রামে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গণিপুর ইউনিয়নের চকমহব্বতপুর গ্রামের আয়েন উদ্দিন ও হবিবুর রহমানের মধ্যে এক শতক জমি নিয়ে বিরোধ চলছে। বিরোধপূর্ণ ওই জমি ঘেঁষে গতকাল সকালে আয়েন লোকজন নিয়ে প্রাচীর নির্মাণ শুরু করেন। জানতে পেরে প্রতিপক্ষ হবিবুর সাংসদের পিএস একই গ্রামের বাসিন্দা এনামুলকে সঙ্গে নিয়ে বাধা দেন। এ সময় উভয় পক্ষ বল্লম, ফলা ও হাঁসুয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে হবিবুরের পক্ষে এনামুলসহ ১১ জন এবং আয়েনের পক্ষের ছয়জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে শহিদুলকে আটক করে পুলিশ। তিনি আয়েনের ভাড়াটে হিসেবে গিয়েছিলেন বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বেসরকারি হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে এনামুলসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে তাঁদের স্বজনেরা জানিয়েছেন।

উভয় পক্ষের লোকজন আহত থাকায় তাঁদের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

তবে ওই এলাকার বাসিন্দা গণিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ বলেন, সামান্য জমি নিয়ে সংঘর্ষ ও সাংসদের পিএসের জড়ানো দুঃখজনক।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, সংঘর্ষে উভয় পক্ষের লোকজন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।