বাগাতিপাড়ায় শিশুশ্রমে চলছে বিড়ি উৎপাদন
নাটোরের বাগাতিপাড়া উপজেলার দুটি এলাকায় শিশুদের দিয়ে বিড়ি উৎপাদন করা হচ্ছে। নিভৃত গ্রামে বছরের পর বছর এ কাজ চললেও স্থানীয় প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।
সরেজমিনে ২৪ মে দেখা যায়, বাগাতিপাড়ার জামনগর ইউনিয়নের গয়লারঘোপ ও বাগাতিপাড়া ইউনিয়নের স্বরূপপুরে মনমোহন নামে বিড়ি উৎপাদন করা হচ্ছে। গ্রামের নারী-পুরুষের পাশাপাশি শিশুরাও বিড়ি তৈরির কাজ করছে। দরিদ্র পরিবারের এসব শিশুর বেশির ভাগই স্কুলপড়ুয়া। বিড়ি তৈরির মূল উপকরণ তামাকের গুঁড়া এখানে স্বাস্থ্যসম্মতভাবে সংরক্ষণ করা হচ্ছে না। এগুলো ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ফলে তামাকের ঝাঁজালো গন্ধ কর্মরত শ্রমিকদের নাকে ঢুকছে।
মায়ের সঙ্গেবিড়ি তৈরির কাজ করছিল লিপি নামের সাত বছরের এক শিশু। সে বলল, বিশেষ করে স্কুল ছুটির দিনে সে কারখানায় এসে বিড়ি তৈরি করে। প্রতিদিন ৬০-১০০ টাকা আয় হয়।
নাম প্রকাশ না করার শর্তে কারখানায় কর্মরত এক নারী বলেন, তাঁর আট বছরের মেয়ে আগে পড়ালেখার অবসরে বাড়িতে বসে থাকত। কিছু বাড়তি আয়ের আশায় তিনি মেয়েকে কারখানায় নিয়ে আসতে শুরু করেছেন। এ কাজে স্বাস্থ্যঝুঁকি রয়েছে জানালে তিনি বলেন, ‘এত সব বুঝি না। বসে থাকার চেয়ে কিছু আয় হচ্ছে। এটাই ভালো।’
কর্তৃপক্ষের হিসাবমতে, প্রতিদিন এ দুটি গ্রামে চার-পাঁচ লাখ শলাকা বিড়ি উৎপাদিত হয়। ২০-২৫ বছর চলছে। এসব বিড়ি আশপাশ ও দূর-দূরান্তের জেলায় বিক্রি হয়।
বিড়ি কারখানার ব্যবস্থাপক আশরাফুল আলম বলেন, মনমোহন বিড়ির প্রধান কার্যালয় ও কারখানা কুষ্টিয়ায়। বাগাতিপাড়ায় বহুদিন ধরে এ শাখা কারখানা চলছে। বিষয়টি রাজশাহী ভ্যাট কমিশনারের কার্যালয়সহ স্থানীয় প্রশাসন জানে। কারখানার কাজে শিশুদের নেওয়া হয় না বলে দাবি করেন আশরাফুল। কারখানায় কর্মরত শিশুদের দেখানো হলে তিনি বলেন, ‘ওরা মায়ের সঙ্গে এসেছে। ওরা আমাদের কর্মী না।’ তামাক সংরক্ষণের বিষয়ে তিনি জানান, তামাক মূলত গুদামে থাকে। প্রয়োজনমতো আনা-নেওয়া করা হয়। এতে তাঁরা ক্ষতির কিছু দেখেন না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ‘শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে। তাই বিড়ি বা তামাকের কারখানার কাজে খুব সহজেই তারা আক্রান্ত হয়। তামাকের নিকোটিন শিশুর শরীরে প্রবেশ করে ফুসফুস, কিডনি, লিভার ও হৃদ্যন্ত্রে ক্ষতি করতে পারে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, এ ব্যাপারে তিনি কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন।