বাগান থেকে লাশ উদ্ধার
সাতক্ষীরা সদর উপজেলার পাঁচরকি গ্রামের একটি বাগান থেকে দিনমজুর তরিকুল ইসলামের (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ।
থানা-পুলিশ ও স্থানীয়দের সন্দেহ, প্রেমের জের ধরে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ভোর পাঁচটার দিকে তরিকুলের লাশ উদ্ধার করা হয়। তাঁর বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার রেয়ুই গ্রামে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ এক নারীকে আটক করেছে।
নিহত তরিকুলের স্ত্রী আসমা বেগমের ভাষ্য, গত বুধবার রাত সাড়ে ১০টার দিকে তরিকুল বাড়ি থেকে বের হন। কিন্তু আর বাড়ি ফেরেননি। ভোরে পাঁচরকির একটি বাগানে স্বামীর লাশ পড়ে থাকার খবর পান তিনি। তিনি অভিযোগ করেন, পাঁচরকি গ্রামের এক নারীর সঙ্গে তাঁর স্বামী প্রেমে জড়িয়ে পড়েন। তাঁর ধারণা, বুধবার রাতে ওই নারী ডেকে নিয়ে তাঁর স্বামীকে হত্যা করে বাড়ির পাশে লাশ ফেলে রেখে যান।
স্থানীয় বাঁশদাহ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেনের ভাষ্য, ওই বাগানে তরিকুলের লাশ পড়ে থাকতে দেখে তিনি পুলিশকে খবর দেন। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাঁকে শ্বাসরোধে হত্যা করেছে। তবে শরীরে কোথাও আঘাতের চিহ্ন নেই।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্লা বলেন, তরিকুলের লাশ ময়নাতদন্ত শেষে তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের বাবা আমজের আলী বাদী হয়ে এ ব্যাপারে মামলার প্রস্তুতি নিচ্ছেন।