বগুড়া শহরের এডওয়ার্ড পার্কের গোলাপবাগান নষ্ট করে সেখানে ব্যায়াম ও বিশ্রামাগার নির্মাণ করছেন পৌর মেয়র এ কে এম মাহবুবর রহমান। কাউন্সিলরদের অভিযোগ, পৌর পরিষদে মেয়র পার্কের সৌন্দর্যবর্ধনের জন্য অর্থ ব্যয়ের অনুমতি নিয়েছেন। কিন্তু এ ব্যাপারে কোনো মতামত নেননি।
পৌরসভার প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস বলেন, বিনোদন পার্কে ব্যায়ামের জন্য খুব কম লোকই আসেন। গোলাপবাগানটি এত দিন পার্কের সৌন্দর্য বৃদ্ধি করেছিল। এ ছাড়া মেয়র পার্কের সৌন্দর্যবর্ধনে ২০ লাখ টাকা ব্যয় করার অনুমতি নিয়েছেন। কিন্তু বাগান নষ্ট করে প্রকল্প গ্রহণের আগে মেয়র কারও কোনো মতামত নেননি। এ ছাড়া পৌরসভায় পর্যাপ্ত তহবিল নেই। জনগুরুত্বপূর্ণ অনেক প্রকল্প অর্থাভাবে বন্ধ রয়েছে। অথচ এসব প্রকল্প বাদ দিয়ে মেয়র এগুলো করছেন বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।
আরেক প্যানেল মেয়র আমিনুল ফরিদ বলেন, পৌর পরিষদের সিদ্ধান্তেই ব্যায়ামাগার ছাউনি হচ্ছে। তবে ফুলবাগান ধ্বংস করে সেখানে ব্যায়ামাগার ছাউনি নির্মাণের ব্যাপারে পরিষদে কোনো আলোচনা হয়নি।
মেয়র এ কে এম মাহবুবর রহমান দাবি করেন, পৌর পরিষদের সিদ্ধান্ত নিয়েই এডওয়ার্ড পার্কে ব্যায়ামাগার ছাউনি ও ব্যায়ামাগার শেড নির্মাণ করা হচ্ছে। তিনি বলেন, এটি পার্কের অন্য জায়গায় নির্মাণ করতে গেলে অনেক গাছ কাটা পড়ত। তা ছাড়া বাগানটিতে কোনো ফুল ধরত না। এ জন্য পার্কের অন্য পাশে বাগানটি স্থানান্তর করে এ জায়গায় ব্যায়ামাগার নির্মাণ করা হচ্ছে। এতে ১৭ থেকে ১৮ লাখ টাকা খরচ হবে।
গত শনিবার সরেজমিন দেখা গেছে, শহরের সাতমাথা-সংলগ্ন এডওয়ার্ড পার্কের পুকুরপাড়ের পূর্ব পাশে উডবার্ন লাইব্রেরি ঘেঁষে এত দিন গোলাপবাগান ছিল। প্রায় ২০ শতাংশ জায়গার বাগানের কয়েক শ গাছে অসংখ্য গোলাপ ফুটেছিল। এক সপ্তাহ আগে ওই গাছগুলো উপড়িয়ে সেখানে ব্যায়ামের পর বিশ্রামের জন্য ছাউনি স্থাপনের কাজ শুরু হয়। ঠিক এর সামনেই নির্মাণ করা হবে আরেকটি ছাউনি, যেখানে ব্যায়াম করার সুযোগ থাকবে। বর্তমানে বিশ্রামাগারটির ছয়টি স্তম্ভ নির্মাণের কাজ চলছে। তিন থেকে চারজন শ্রমিক নির্মাণকাজ করছেন।
নির্মাণশ্রমিকদের দলনেতা শহীদুল ইসলাম বলেন, দুটি জিনিসই নির্মাণ করতে হলে ফুলবাগান প্রায় পুরোটাই নষ্ট হবে। কারণ, চারদিকে ৩০ ফুট আয়তনের ছাউনি নির্মিত হবে ছাদ ঢালাই দিয়ে। এরপর ছাউনি থেকে ১৬ ফুট দৈর্ঘ্য ও ১৩০ ফুট প্রশস্ত টাইলস বসানো ব্যায়ামাগার নির্মিত হবে।
ঠিকাদার তাজউদ্দিন বলেন, পৌরসভা থেকে তিনি শুধু বিশ্রামাগারটি নির্মাণের কাজ পেয়েছেন। এতে ছয় লাখ ৬৩ হাজার টাকা ব্যয় হবে। অবশিষ্ট আরও প্রায় সাড়ে ১৩ লাখ টাকা ব্যয় হবে জগিং শেড নির্মাণে। তবে শেড নির্মাণের কাজ করবেন অন্য ঠিকাদার।
সরকারি আজিজুল হক কলেজের শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন টিম ফর এনার্জি অ্যান্ড ইনভায়রনমেন্টাল রিসার্চের সাধারণ সম্পাদক সোহানুর রহমান প্রথম আলোকে বলেন, পার্কের ফুলবাগানটি শুধু পরিবেশবান্ধবই ছিল না, এর সৌন্দর্য অনেককে মুগ্ধ করত। সেই বাগান নষ্ট করে বাণিজ্যিক উদ্দেশ্যে পৌরসভা ব্যায়ামাগার নির্মাণ করছে।