বাগানে যুবকের মস্তকবিহীন লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বনগ্রাম ইউনিয়নের দাসাখলী গ্রামে একটি বাগান থেকে ওবায়দুর সিকদার (২৬) নামের এক ভ্যানচালকের মস্তকবিহীন মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ কাউকে আটক করতে পারেনি। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশটিতে পচন ধরেছিল বলে পুলিশ জানিয়েছে।

ওবায়দুর সিকদার উপজেলার কোড়াভোলা গ্রামের জোহর শিকদারের ছেলে। তাঁর ইঞ্জিনচালিত রিকশাভ্যানটিও পাওয়া যায়নি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, বাগানের মালিক মনির সরদার মস্তকবিহীন লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে নিহত ভ্যানচালকের বাবা জোহর শিকদার গিয়ে লাশটি ওবায়দুরের বলে শনাক্ত করেন।

পুলিশ কর্মকর্তা বলেন, গত ৩০ এপ্রিল ওবায়দুর প্রতিদিনের মতো তাঁর রিকশাভ্যান নিয়ে রোজগারের জন্য বাড়ি থেকে বের হন। রাতে বাড়ি ফিরে না আসায় ওবায়দুরের বাবা পরদিন মোরেলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা তাঁকে জবাই করে হত্যা করেছে। পরিচয় লুকাতে মাথাটি নিয়ে গেছে। তবে কী কারণে, কারা তাঁকে হত্যা করেছে, এ বিষয়ে পুলিশ কোনো ধারণা পায়নি।