বাগেরহাট ও পিরোজপুরে তিনজনের লাশ উদ্ধার
বাগেরহাট সদর উপজেলায় গতকাল সোমবার এক গৃহবধূসহ দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় নিখোঁজের তিন দিন পর গতকাল এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের বাগমারা গ্রামের গৃহবধূ ঝুমুর রানী মজুমদার (১৯), একই উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের চিংড়িঘেরের কর্মচারী জুয়েল শাহ (২৮) ও ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর গ্রামের অটোরিকশাচালক সুমন দাস (২৫)।
জমি কেনার টাকা না পেয়ে ঝুমুরকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নের পাগলা গ্রামের উত্তরপাড়ার নির্মল কুমার মজুমদারের মেয়ে।
ঝুমুরের ভাই বাপ্পী মজুমদার অভিযোগ করে বলেন, দুই বছর আগে ঝুমুরের সঙ্গে গৌতম দত্তের মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর সূত্র ধরে পারিবারিকভাবে গৌতমের সঙ্গে তাঁর বিয়ে হয়। এরপর থেকে তাঁরা দুজনে সুখেই সংসার করছিলেন। গত শুক্রবার ঝুমুর হঠাৎ বাড়িতে এসে চার কাঠা জমি কিনতে তাঁদের বাবার কাছে দুই লাখ টাকা চান। তাঁকে কিছুদিনের মধ্যে ওই টাকা দেওয়া হবে বলে জানালে তিনি শ্বশুরবাড়িতে চলে যান। রোববার রাতে ঝুমুরের শ্বশুরবাড়ি থেকে ফোন করে জানানো হয়, ঝুমুর অসুস্থ হয়ে পড়েছে। ওই দিনই তাঁরা সেখানে গিয়ে ঝুমুরকে মৃত অবস্থায় পান। জমি কেনার দুই লাখ টাকা চেয়ে না পেয়ে পরিকল্পিতভাবে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
অভিযোগ অস্বীকার করে ঝুমুরের ভাশুর কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্য উত্তম দত্ত বলেন, ‘জমি কেনার জন্য কোনো টাকা আমার ভাইয়ের শ্বশুরবাড়িতে চাওয়া হয়নি। স্বামীর ওপর তুচ্ছ ঘটনায় অভিমান করে তিনি ঘরের দরজা আটকে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন।’
সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের চিংড়িঘেরের মালিক হালিম মোড়ল জানান, গত বুধবার পাশের ফকিরহাট উপজেলার শ্রমিকেরহাট থেকে জুয়েল নামের একজনকে ঘেরের কর্মচারী হিসেবে নিয়োগ দেন। পরে সোমবার (গতকাল) পাশের ঘেরমালিক ঘেরের পানিতে জুয়েলের লাশ ভাসতে দেখে তাঁকে খবর দেন। বিষয়টি পুলিশকে জানালে পুলিশ এসে জুয়েলের লাশ উদ্ধার করে।
বারুইপাড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ কুমার বসু বলেন, জুয়েলের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
ভান্ডারিয়া থানা-পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে অটোরিকশাচালক সুমন ভাড়ার অটোরিকশাসহ নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে শনিবার তাঁরা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
গতকাল সকালে নয়াখালী মাটিভাঙ্গা গ্রামের সাতবাড়িয়ার সড়কের পাশে ডোবায় লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন।