বাগেরহাট থেকে নিখোঁজ সাংবাদিক নাটোরে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিখোঁজের এক দিন পর বাগেরহাটের মোল্লাহাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাহিদুর রহমানকে নাটোরে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত সোমবার রাতে নাটোর সদর উপজেলার দত্তপাড়া এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কের পাশ থেকে তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাটোর সদর থানা সূত্রে জানা যায়, রাত আটটার দিকে দত্তপাড়া এলাকায় নাটোর-ঢাকা মহাসড়কের পাশে এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পরে এলাকাবাসী তাঁকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আবুল কালাম আজাদ বলেন, তাঁর চিকিৎসা চলছে। তিনি এখনো স্বাভাবিক হতে পারেননি। কী কারণে তিনি অচেতন হয়ে পড়ে থাকেন তা জানা সম্ভব হয়নি।
মোস্তাহিদুর বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামের জামিল আহমেদের ছেলে। তিনি গোপালগঞ্জ থেকে প্রকাশিত যুগোকথা পত্রিকার উপজেলা প্রতিনিধি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মোস্তাহিদুর পুরোপুরি সুস্থ না হলে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মলমজাতীয় বিষাক্ত কোনো দ্রব্য দিয়ে তাঁকে অজ্ঞান করে দুর্বৃত্তরা মহাসড়কের পাশে ফেলে রেখে গেছে।
মোস্তাহিদুর রহমানের ভাই বাবুল মিয়া বলেন, গত রোববার রাতে তাঁকে কে বা কারা বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। রাতে তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে মোল্লাহাট থানায় লিখিত অভিযোগ করেন তাঁরা।