বাগেরহাটে আহত তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাট সদর উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে আহত জাহাঙ্গীর শেখ (২২) নামের এক তরুণের গতকাল শনিবার মৃত্যু হয়েছে। এ ছাড়া ওই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৪ জন আহত হয়েছেন। জাহাঙ্গীর সদর উপজেলার ডেমা ইউনিয়নের কালিয়া গ্রামের ইসরাফিল শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে কালিয়া বাজারে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) ১ নম্বর ওয়ার্ডের সদস্য শেখ আতিয়ার রহমান ও ওই ওয়ার্ডের ইউপি সদস্য হতে আগ্রহী নূরু মোল্লার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে জাহাঙ্গীরসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। পরে গুরুতর আহত জাহাঙ্গীরসহ ১২ জনকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বিকেলে জাহাঙ্গীরসহ ছয়জনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতে উন্নত চিকিৎসার জন্য জাহাঙ্গীরকে ঢাকায় নেওয়া হয়। গতকাল সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জাহাঙ্গীর ইউপি সদস্য আতিয়ার শেখের সমর্থক ছিলেন।
বাগেরহাট মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, নূরু মোল্লার সমর্থক ও ডেমা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবজাল হোসেনকে নাশকতা সৃষ্টির মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।