বাগেরহাটে ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার ওপর হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তালুকদার আলী আক্কাসকে (৫০) গুলি করে ও কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার সকালে ইউনিয়ন ভূমি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই দিন ইউনিয়ন বিএনপির সহসভাপতি আলতাফ সরদারকে (৫৫) কুপিয়ে জখম করা হয়েছে। তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর বাড়ি উত্তর চিংড়াখালী গ্রামে।
আলতাফ সরদারের ভাই আক্কাস সরদার বলেন, সকালে চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পূর্ববিরোধের জের ধরে আলতাফ সরদারের সঙ্গে দূরসম্পর্কের ভাতিজা আরিফ সরদারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আরিফ ধারালো অস্ত্র দিয়ে আলতাফকে কুপিয়ে জখম করেন। আরিফ ছাত্রলীগের সমর্থক।
এ বিষয়ে কথা বলার জন্য চেষ্টা করা হলেও আরিফ সরদারকে পাওয়া যায়নি।
ইউপি চেয়ারম্যান তালুকদার আলী আক্কাসের বাড়ি কাছিকাটা গ্রামে। তিনি উপজেলা আওয়ামী লীগের সহসাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ভরাদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল আলম বলেন, সকালে স্কুলে যাওয়ার পথে ওত পেতে থাকা সাত-আটজন সন্ত্রাসী আলী আক্কাসের ওপর হামলা চালায়। প্রথমে সন্ত্রাসীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং রড ও পাইপ দিয়ে পিটিয়ে আহত করে। পরে বন্দুক দিয়ে দুই পায়ে গুলি করে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের অস্ত্রোপচার-পরবর্তী নিবিড় পরিচর্যাকেন্দ্রের তত্ত্বাবধায়ক শেখ ফরিদ উদ্দিন আহম্মেদ বলেন, তালুকদার আলী আক্কাসের শরীরে অস্ত্রোপচার হয়েছে। তাঁর দুই পায়ে হাঁটুর নিচে একাধিক গুলি, ডান বাহুসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের জখমের চিহ্ন রয়েছে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, পুলিশ আলী আক্কাসের হামলাকারী ব্যক্তিদের ধরতে অভিযান চালাচ্ছে। আলতাফ সরদারের হামলাকারীকেও খোঁজা হচ্ছে।