বাগেরহাটে ইউপি সদস্যের বাড়িতে ডাকাতি
বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সঞ্জয় কুমার দাসকে (৪৭) কুপিয়ে ডাকাত দল সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও ৭০ হাজার টাকা নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে এ ঘটনা ঘটে।
সঞ্জয় কুমার দাস খানপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ড সদস্য ও প্যানেল চেয়ারম্যান। তিনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
সঞ্জয় কুমার দাসের চাচাতো ভাই বিকাশ কুমার দাসের ভাষ্য, গতকাল রাত সাড়ে ১২টার দিকে মুখোশধারী ১০-১২ জন ডাকাতের একটি সশস্ত্র দল রণজিৎপুর গ্রামে সঞ্জয় দাসের বাড়িতে ঢুকে বাড়ির সবাইকে বেঁধে ফেলে। এ সময় ডাকাতেরা আলমারি ভেঙে সাড়ে তিন ভরি স্বর্ণালংকার ও নগদ ৭০ হাজার টাকা লুটে নেয়। যাওয়ার সময় ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে সঞ্জয়কে কুপিয়ে জখম করে। ঘটনার পর সঞ্জয়ের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। পরে তাঁকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।
বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মিজানুর রহমানের ভাষ্য, সঞ্জয় দাসের ডান পায়ের হাঁটুর ওপর ধারালো অস্ত্রের দুটি কোপের চিহ্ন রয়েছে। তবে তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী আজম খান প্রথম আলোকে বলেন, সঞ্জয় কুমার দাসের বাড়িতে ডাকাতির পর রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি। এখনো কাউকে আটক করা হয়নি।