বাগেরহাটে এক গৃহবধূর লাশ উদ্ধার
বাগেরহাট সদর উপজেলার বেমরতা বাজার এলাকায় নিজ বাসা থেকে গতকাল শুক্রবার বেলা ১১টার দিকে মিনা বেগম (৩৪) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নারীর ভাই গতকাল বাগেরহাট মডেল থানায় মিনার স্বামী কাওসার শেখের (৪০) বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।
বাদী কামরুজ্জামান অভিযোগ করেন, ‘যৌতুকের দাবিতে পরিকল্পিতভাবে মিনাকে হত্যা করা হয়েছে। ১৯৯৬ সালে মিনার সঙ্গে পুলিশ কনস্টেবল কাওসারের বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে কাওসার আমাদের কাছ থেকে তিন লাখ টাকা যৌতুক নিয়েছে। যৌতুকের জন্য সে মাঝেমধ্যেই মিনাকে মারধর করত। কাওসার একজন মাদকসেবী ও মাদক বিক্রেতা। তাদের দুই মেয়ে রয়েছে।’
নিহতের বড় মেয়ে সাদিয়া আক্তার (১৩) বলে, বৃহস্পতিবার সন্ধ্যায় তার বাবা কাওসার শেখ কর্মস্থল গোপালগঞ্জের উদ্দেশে বাড়ি থেকে বের হন। কিছুক্ষণ পরে তিনি আবার বাড়ি ফিরে আসেন এবং তাঁর ফোনকল রিসিভ না করার অভিযোগে মাকে মারধর করেন। রাতে সে ও তার বোন খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। ভোরে ঘুম থেকে উঠে বাইরে বের হতে গিয়ে বাড়ির মূল দরজা বাইরে থেকে আটকানো দেখে তারা মায়ের ঘরে যায় এবং বিছানায় মুখে বালিশ চাপা অবস্থায় মাকে পড়ে থাকতে দেখে। তাদের চিৎকারে প্রতিবেশীরা এসে তালা ভেঙে তাদের উদ্ধার করেন।