বাগেরহাটে এক শিশুর লাশ উদ্ধার, চাচি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের মোরেলগঞ্জে জান্নাতি আক্তার (১১) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের উত্তর বারইখালী গ্রামের ভরাঘাটা খাল থেকে তার ভাসমান লাশ উদ্ধার করা হয়।
দুপুরে পুলিশ জান্নাতিকে হত্যায় জড়িত সন্দেহে সেলিনা বেগম (৫০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে। সেলিনা সম্পর্কে জান্নাতির চাচি। তাঁকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জান্নাতি স্থানীয় বারইখালী মানিক মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তিনি উত্তর বারইখালী গ্রামের জালাল উদ্দিন ওরফে জালু শেখের মেয়ে। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম সাংবাদিকদের বলেন, আজ উত্তর বারইখালী গ্রামে খালে শিশু জান্নাতির মৃতদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। নিহতের শরীরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
জান্নাতির পরিবারের বরাত দিয়ে ওসি বলেন, রোববার রাতে মেয়েটি তাঁর বাবা মায়ের সঙ্গে বাড়ির পাশে হাজী ইব্রাহীম স্মৃতি দাখিল মাদ্রাসায় মাহফিল শুনতে গিয়েছিল। সেখান থেকে সে নিখোঁজ হয়। পরে পুলিশ ও স্থানীয় লোকজন গভীর রাত পর্যন্ত খোঁজাখুজি করলেও তাকে পাওয়া যায়নি।
বাগেরহাটের সহকারী পুলিশ সুপার (মোরেলগঞ্জ সার্কেল এএসপি) এনামুল হক মিঠু সাংবাদিকদের বলেন, জান্নাতির বাবা জালাল উদ্দিন শেখের সঙ্গে তার ফুপাতো ভাই সরোয়ার হোসেনের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরে জান্নাতিকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে দুপুরে সরোয়ার হোসেনের স্ত্রী সেলিনা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।